
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম নিয়মিত লিখছেন প্রথম আলোয়।
শুরুতেই আমার পাঠকদের জানাচ্ছি সুন্দর ২০১৪ সালের জন্য শুভকামনা। যদি কারও নতুন বছরের সূচনাটা ভালো না হয়, তাদের জন্য আমি বলব, জীবনে আসলে সবার জন্যই চ্যালেঞ্জ থাকে। আমাদের উচিত চ্যালেঞ্জ গ্রহণ করা এবং ইতিবাচক ফল করার জন্য লড়াই করা।
এই বছরে আমার জন্যও অনেক চ্যালেঞ্জ জমা হয়ে আছে। যখন এই লেখাটি আপনি পড়ছেন, তখন আমি হয়তো ভারতের চেন্নাইয়ে, আমার ইন্সপায়ার ১ মিলিয়ন শো নিয়ে কাজ করছি। আপনাদের খুব কাছেই আমি আছি এবং সব সময় থাকতে চাই।
বাঙালি সমাজে প্রচলিত একটি ধারণা আমাকে খুবই কষ্ট দেয়। সেটি হলো, ‘আজকের তারুণ্য, আগামী দিনের নেতৃত্ব’। এই বাক্যটি আসলে হতাশাজনক। কারণ, নেতৃত্ব দেওয়ার জন্য আগামী দিন বলে কোনো সময় নেই। নেতৃত্ব দেওয়ার কাজটি আজই, এখনই শুরু করতে হবে।
আমি মনে করি না, নেতৃত্ব শুধু রাজনৈতিকভাবেই দিতে হবে। নেতৃত্ব হচ্ছে নিজের জ্ঞান দিয়ে অপরকে পথ দেখানোর, অপরকে সাহায্য করার ক্ষমতা। নেতৃত্ব হচ্ছে নিজের উপস্থিতি দিয়ে কোনো পরিস্থিতিতে অন্যের উপকার করতে পারার মনোবৃত্তি। বাংলাদেশের এখন অনেক তরুণকণ্ঠের প্রয়োজন, যারা এগিয়ে এসে দেশের তরুণসমাজকে সমৃদ্ধির পথে পরিচালিত করবে। একজন মানুষের জ্ঞান বা দক্ষতা যে বিষয় নিয়েই হোক না কেন, সে যদি নিজের জ্ঞান দিয়ে অন্যের উপকার করতে পারে, অপরের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, সে অবশ্যই একজন নেতা।
আসলে নেতৃত্ব সম্পর্কে আমাদের সবার ধারণাটুকু অনেক প্রাচীন। এ কারণেই আমাদের নেতারা ভুল করেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন, নেতৃত্বের শিক্ষা আমি কোথা থেকে পেয়েছি? আমি এমন কিছু সংগঠনের সঙ্গে কাজ করেছি, যারা সমাজে পরিবর্তন আনতে প্রত্যয়ী ছিল। শুধু ব্যক্তিস্বার্থের পেছনে না ছুটে দলগত চেষ্টায় তারা একটি লক্ষ্য অর্জন করতে কাজ করত। তাদের সঙ্গে কাজ করতে গিয়েই আমি নেতৃত্বের স্বরূপ জানতে পেরেছি। এ রকমই একটি প্রতিষ্ঠান হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, গত ছয় বছর যাদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি।
কেউ কেউ আবার বলেন, নেতারা জন্ম নেন, শিক্ষা দিয়ে নেতা তৈরি করা যায় না। আমি মনে করি, এটা পুরোপুরি সত্য নয়। কারণ, কোনো বিশেষ পরিপ্রেক্ষিতে একজনকে তার উত্তরসূরি বা অন্য কারও অনুপ্রেরণা থেকে শিক্ষা নিতে হয়। এটা সত্যি যে সবাই নেতা হতে পারে না, কাউকে কাউকে কর্মী হিসেবেও তার ভূমিকা রাখতে হয়। কিন্তু, এ দেশের তরুণদের যারা নিজেদের কথা জানাতে চায়, যারা বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত রাখতে চায় এবং তাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে চারপাশের সমাজের মধ্যে পরিবর্তনের একটা ঢেউ তুলতে চায়, তারা যেন নিজের ভাবনাগুলোকে বন্দী করে না রাখে। কারণ, হয়তো তাদের খুব কাছেই তাদের সমমনা আরেকজন কেউ রয়েছে, যে একই রকম পরিবর্তনে বিশ্বাসী। তাদের উচিত নিজের কথাগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এভাবেই সমমতাদর্শে লালিত অনেক তরুণপ্রাণের সম্মিলনই সমাজে পরিবর্তনের সূচনা ঘটায়। সমাজ সেই সব প্রাচীন কণ্ঠ চায় না, যারা আগে গৎবাঁধা বুলি আওড়ে ব্যর্থ হয়েছে, সমাজ চায় নতুন কণ্ঠস্বর, যারা সাফল্য ছিনিয়ে আনতে বদ্ধপরিকর।
বিদায় বলার আগে আমি সবাইকে নতুন বছরের জন্য আমার পরিকল্পনাগুলো জানাতে চাই। ইন্সপায়ার ১ মিলিয়ন নিয়ে আমি এ বছর অনেক নতুন দেশে যাব। দেশগুলো হলো তাঞ্জানিয়া, কেনিয়া, উগান্ডা, আর্জেন্টিনা, মেক্সিকো, নাইজেরিয়া ও বুলগেরিয়া। সব দেশ থেকেই আমন্ত্রণ এসেছে, তাই খুব ব্যস্ত একটি বছর কাটবে। কিন্তু বাংলাদেশ আমার পরিকল্পনায় নিশ্চিতভাবেই আছে। আমি বাংলাদেশে আরেকবার আসতে চাই, এ দেশের মানুষের সঙ্গে আরেকবার দেখা করতে চাই। যদি সেটা সম্ভব হয়, আপনারাই সবার আগে তা জানবেন।
এরই মধ্যে আমিও জানতে চাই, এ বছর আপনাদের কী পরিকল্পনা, নতুন কী করার জন্য এই বছর আপনারা স্বপ্ন দেখছেন। আমাকে ফেসবুকে কিংবা টুইটারে জানাতে পারেন। আমি আপনাদের কাছাকাছি থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব।
আপনারা সবাই হাসিখুশি থাকুন। কারণ, আপনারাই বাংলাদেশের মুখে হাসি ফোটাবেন। ধন্যবাদ।
ইংরেজি থেকে অনূদিত