
তাঁর কাছে ‘সিনিয়র’-‘জুনিয়র’ দূরত্বটা নাকি যৎসামান্য। তাই যতটা না তাঁর নিজ বন্ধুদের সঙ্গে ওঠাবসা ঢেড় বেশি ক্যাম্পাসের ‘সিনিয়র’-‘জুনিয়র’দের সঙ্গে। আর এই খাতিরের খ্যাতি হিসেবে রাশেদ ইমামের কপালে জুটেছে ‘সবার বন্ধু রাশেদ’ তকমাটি। বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে তাই সে এখন পরিচিত ‘সবার বন্ধু রাশেদ’ নামেই। ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন কিংবা বিশেষ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, কোথায় নেই তিনি! শুধু কি কলেজ ক্যাম্পাসেই, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে তাঁর পদচারণ বরিশালের সাংস্কৃতিক পরিমণ্ডলের সর্বত্র। আর সেই পথ ধরে কাজ করছেন সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল চিলড্রেনস ফিল্ম সোসাইটিতে। এ ছাড়া যুক্ত আছেন অনুষ্ঠান ঘোষক, আবৃত্তিকার ও সংবাদ পাঠক হিসেবে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে।
রাশেদের কাছ থেকে জানা যায়, যাঁদের হাত ধরে গড়ে উঠে বরিশাল ডিবেটিং সোসাইটি আর ব্রজমোহন কলেজে ডিবেটিং সোসাইটি, রাশেদ তাঁদের অন্যতম। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী রাশেদ ইমাম যুক্তির তরবারি শাণিত করতে এখন প্রতি সপ্তাহে হাজির হন বরিশালের বাইরের একটি কলেজে, বিতর্ক ক্লাস নিতে।
দিনে দিনে সব্যসাচী হয়ে ওঠা রাশেদের পুরস্কারের তাকে জমা হয়েছে সঞ্চালকের পুরস্কার, সেরা আবৃত্তিকারের পুরস্কার, আর বিতর্ক প্রতিযোগিতার কত যে পুরস্কার তার ইয়ত্তা নেই। বিতর্ক প্রতিযোগিতায় যেমন নিজে বিতার্কিক হয়ে জিতেছেন পুরস্কার আবার বিচারক হিসেবেও পেয়েছেন সম্মাননা। রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত বারোয়ারি বিতর্কে হয়েছেন রানারআপ, বরিশাল বিভাগীয় ইউএন উইমেন ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন আয়োজিত আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়ে পাওয়া পুরস্কারগুলো খুব যত্নে সাজানো। এ ছাড়া ২০১১ সালে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের আয়োজনে সামাজিক উদ্যোগ মেলায় শ্রেষ্ঠ উদ্যোগ নির্বাচিত হয় রাশেদের দলীয় প্রকল্প। ব্রিটিশ কাউন্সিল ও দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সহযোগিতায় ওই মেলায় তাঁদের প্রকল্পটি ছিল বিতর্ক নিয়ে।
বরিশাল বিএম স্কুল ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক এই শিক্ষার্থীর ইচ্ছা বাবার মতো শান্ত সুন্দর নিরিবিলি জীবন কাটানোর। আর রাশেদ নিজের স্বপ্নের কথা জানান এভাবে, ‘যা শিখেছি তা শেখাতে চাই। কাজ করতে চাই পরিবারের পাশাপাশি মানুষের উপকারের জন্য।’