
মৌসুমটা ফুটবলের। পৃথিবীর অপর প্রান্তে চলছে এই মর্ত্যের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ ফুটবল। সারা পৃথিবী ভুগছে বিশ্বকাপজ্বরে। সেই জ্বরের অাঁচ বাংলাদেশের মাঠও ছুঁয়ে যাবে না, তা কী করে হয়! বিশ্বের নামজাদা ফুটবলাররা যখন ব্রাজিলের মাঠে লড়াইয়ে নামতে প্রস্তুত, ক্যাম্পাসের তরুণেরাও পরস্পরের বিপক্ষে বল পায়ে নেমে গেলেন মাঠে। এ মাসের শুরুতে ব্রাজিলে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসব শুরুর আগে দেশের ক্যাম্পাস প্রাঙ্গণে হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সবাইকে পেছনে ফেলে যেখানে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দল।
রাসেল ইন্ডাস্ট্রিজ ও লিফান ইন্ডাস্ট্রি (চায়না) আয়োজন করে এই টুর্নামেন্ট। এতে অংশ নেয় চারটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ৬ জুন চারটি সরকারি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। সবকটি ম্যাচই ছিল নকআউট। তাই দুই দিন ধরে চলা এই টুর্নামেন্টের সব ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হয় ইন্দিরা রোড ক্লাব মাঠে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এই চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নেয়৷ প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিপক্ষকে নকআউট করে স্থান করে নেয় টুর্নামেন্টের সেমিফাইনালে। ৭ জুন শেষ চারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় রুয়েট, যে ম্যাচ থেকে ৪-২ গোলের জয় তুলে নিয়ে ফাইনালে স্থান করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল। অপর সেমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জয় পায় আরেক ফাইনালিস্ট বুয়েট দল।
একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটকে ২-১ গোলে হারিয়ে জিতে নেয় টুর্নামেন্ট-সেরার শিরোপা। তবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল করার কৃতিত্বটি কিন্তু অর্জন করেন রানারআপ দলের শাহীন। সব ম্যাচ মিলিয়ে মোট পাঁচ গোল করেন তিনি।
চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের চাইলাউ মারমা বিশ্বকাপের মৌসুমে এমন আয়োজনে দারুণ আনন্দিত, ‘টুর্নামেন্ট চলাকালে সব খেলোয়াড় একই সঙ্গে থাকা ও অনুশীলন করায় একটা ক্যাম্পের মতো মনে হয়। যেন আমরা বিশ্বকাপেই খেলছি। এবারের আয়োজনেও ছিল ভিন্নতা, খেলা চলাকালীন বিভিন্ন সংগীতের আয়োজন আর গোল হলে গ্যালারিতে বিভিন্ন ধরনের মিউজিকের ব্যবস্থা টুর্নামেন্টকে অনেক উপভোগ্য করেছে।
অনেকটা এমন অনুভূতি এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে সপ্তম টুর্নামেন্ট খেলা ফুটবলার দিদারুল ইসলামেরও, ‘বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধিত্ব করা সব সময়ই গর্বের একটা ব্যাপার। আর চ্যাম্পিয়ন হতে পারা তো আরও অনেক বেশি আনন্দদায়ক। বিশ্বকাপের শুরুতে এমন একটা জয় অনুপ্রাণিতও করেছে অনেক।’