সবুজ প্রযুক্তির ডেটা সেন্টার নিয়ে ঢাকায় হলো সম্মেলন
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডেটা সেন্টার ও সবুজ প্রযুক্তি নিয়ে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে গত শনিবার। এই সেমিনারে ছিল ডেটা সেন্টার ও পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তিবিষয়ক বিভিন্ন অধিবেশন। দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা এই অধিবেশনগুলো পরিচালনা করেন। এ ছাড়া যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ভারত ও বাংলাদেশ—এই আটটি দেশের ৩০টি প্রতিষ্ঠান এতে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করে।
শুক্রবার সম্মেলনের উদ্বোধনী পর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি কবির আহমেদ ভূইয়া বলেন, এ ধরনের সম্মেলনে প্রকৌশলীরা একে অপরের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সভাপতি মো. মাহফুজুল ইসলাম, আাইইবির সাধারণ সম্পাদক আবদুস সবুর, ডিসি আইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ, পরিবেশবান্ধব প্রযুক্তির সংগঠন অ্যাশরের বাংলাদেশ শাখার সভাপতি মানস কুমার মিত্র।
সম্মেলনটির আয়োজক বিসিএস, আইইবির কম্পিউটার প্রকৌশল বিভাগ ও ডিসি আইকন। সহায়তা করেছে অ্যাশরের বাংলাদেশ শাখা।