সবুজ বাঁচানোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের পরীক্ষাগারে গ্রিন সেভার্সের সদস্যরা
নিজেদের পরীক্ষাগারে গ্রিন সেভার্সের সদস্যরা

চলুন, স্বপ্ন দেখি। এই স্বপ্নে, ঘুম থেকে উঠে, সকালের নির্মল আলোয় ঝিরিঝিরি বাতাস গায়ে মেখে আপনি যখন বারান্দায় বা ছাদে গেলেন, সেখানে ছোট ছোট টবে সদ্য ফোটা লাল গোলাপের হাসি, তখন আপনার মন ভরিয়ে দিল। আপনার ছোট্ট বারান্দাটি কিংবা বাসার ছাদটি যেন এক টুকরা বাগান! সেই বাগানের মালি আপনি নিজেই। কে না চায় দিনটির এমন সুন্দর শুরু হোক? সম্ভব হলে কে না চায় নিজের বাগানের ফরমালিনমুক্ত (বিষমুক্ত) সবজি খেতে? এই স্বপ্নটিকেই আপনি বাস্তবায়ন করতে পারেন প্রায় বিনা খরচে। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট কিংবা প্লাস্টিকের পাইপকে টব হিসেবে ব্যবহার করে সেখানে আপনি গাছ লাগাতে পারেন। এই কাজটি খুব সহজে আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষিপ্রযুক্তি ব্যবহার করে এ কাজে আপনাকে সহযোগিতা করবে ‘গ্রিন সেভার্স’।
গ্রিন সেভার্স একটি পরিবেশবান্ধব সেচ্ছাসেবী সংগঠন, যার সদস্যরা প্রায় বিনা খরচে বাসার সামনে-ভেতরে, বারান্দায় কিংবা ছাদে বাগান করা ও রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়ে ঢাকাকে একটি আদর্শ বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কজন শিক্ষার্থী গড়ে তুলেছেন গ্রিন সেভার্স। শুরুর কথা জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি বলেন, ‘দু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ার সময়ে টিউশন করতাম। একদিন, শখ সম্পর্কে জানতে চাইলে আমার এক শিক্ষার্থী জানায়, টিভি দেখা বা কম্পিউটারে গেমস খেলাই নাকি ওর শখ! আমি হতাশ হই। বাগান করা কিংবা মাছ ধরার পরিবর্তে এই যুগের ছেলেমেয়েরা ঘরে বসে গেমস খেলার কথা ভাবছে! ঠিক করি, বড়দের পাশাপাশি শিশুদের অবুঝ মনেও সবুজের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে প্রকৃতি রক্ষার দায়িত্ব নিতে পারে।’
সেই থেকে সংগঠনের প্রতিষ্ঠা লাভ ও তরুণদের সম্পৃক্তকরণ। দুই বছরের পথচলায় বর্তমান সদস্য ৩০০ ছাড়িয়েছে। তাঁরা সবাই কৃষকের সন্তান, বেশির ভাগই পড়ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অনেকেই বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁরা মানুষের দরজায় দরজায় গিয়ে সবুজকে বাঁচানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন; অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত দ্রব্য যেমন: বোতল, ভাঙা বালতি, চিপসের প্যাকেট, গাড়ির টায়ার, জুতা প্রভৃতি দিয়ে স্বল্প খরচে ফুল, ফল ও সবজির বাগান করতে সহায়তা করেন। এই সংগঠনের আরও কার্যক্রমের মধ্যে আছে, প্রতিটি বিদ্যালয়ে ‘অক্সিজেন ব্যাংক’ স্থাপন করে সেখানে শিক্ষার্থীদের নিজেদের জমানো অর্থ দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণেই বাগান করা ইত্যাদি। গ্রিন সেভারস ইতিমধ্যে চারটি স্কুলে ‘অক্সিজেন ব্যাংক’ কার্যক্রম পরিচালনা করছে। স্কুলগুলো হচ্ছে: ভিকারুননিসা নূন, উইলস লিটল ফ্লাওয়ার, ফাউন্ডেশন স্কুল ও লেক সার্কাস স্কুল। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রম।
গ্রিন সেভার্স-এর কর্মীদের নতুন পরিকল্পনা হচ্ছে, ঢাকা শহরের যেসব এলাকা গাছের নামে পরিচিত যেমন: কলাবাগান, নিমতলী, জিগাতলা, তালতলা, গাবতলী, শাপলা চত্বর প্রভৃতি এলাকায় নিজ নিজ নামের গাছ লাগানোর, যাতে স্থানগুলোর নামের সার্থকতা রক্ষিত হয়।
আহসান আরো বলেন, ‘ভ্রাম্যমাণ নার্সারি ও ক্লিনিক’ নিয়ে একেক দিন একেক এলাকায় গিয়ে আমরা গাছ সরবরাহ ও গাছের সেবা পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা আছে।
এ ছাড়া ‘কৃষি পড়ি, দেশ গড়ি’—এই স্লোগান নিয়ে ‘কৃষিপাঠ’ নামে একটি কার্যক্রম পরিচালনা করছে গ্রিন সেভারস। এখানে কৃষকের সন্তানদের কৃষিবিষয়ক আধুনিক ধারণা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তাঁরা তাঁদের মা-বাবাকে আধুনিক কৃষির তথ্য পৌঁছে দিতে পারেন। কৃষিবিদদের সঙ্গে কৃষকের দূরত্ব কমানোর জন্য এবং গ্রামপর্যায়ে আধুনিক কৃষির ধারণা ছড়িয়ে দেওয়া এ কার্যক্রমের লক্ষ্য।
এবার প্রশ্ন জাগে, এতসব কাজ যে আপনারা করেন, অর্থের জোগান আসে কোত্থেকে? সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান আরিফ বলেন, ‘প্রকৃতি নিঃস্বার্থভাবে আমাদের অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে। এই ঋণ কিছুটা হলেও শোধ করার ইচ্ছা আমাদের। তাই, এর প্রতিদানে আমরা প্রত্যেক সদস্য প্রতিদিন এক টাকা হিসেবে মাসে ৩০ টাকা জমাই। সেই অর্থই আমাদের স্বপ্নপূরণের চেষ্টার উৎস।’
৩০ নভেম্বর ২০১৩ ছিল গ্রিন সেভারসের জন্য এক স্মরনীয় দিন। ওই দিন পরিবেশ রক্ষায় অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘সম্মাননা স্মারক’ পেয়েছে গ্রিন সেভারস। গ্রিন সেভারস-এর সভাপতি আহসান রনির সঙ্গে একই অুনষ্ঠানে এই পদক পান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, গলফার সিদ্দিকুর রহমানসহ পাঁচ জন।
এ ছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘পরিবেশ মেলা ২০১৩’-তে অংশগ্রহণকারী বেলা, জিআইজেড, বারসিক বাপাসহ ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম পুরস্কার পায় গ্রিন সেভার্স।
সম্প্রতি আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের সামনের একটুকরা জায়গায় ‘শিশু কানন’ নামে নার্সারির কার্যক্রম শুরু করেছে গ্রিন সেভারস। সংগঠনের যোগাযোগ সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, ‘মূলত শিশুদের অবুঝ মনে সবুজের প্রতি ভালোবাসা জাগানোয় “শিশু কানন” কাজ করছে। এখানে শিশুরা শিখতে পারে, কীভাবে পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে বাগান করা যায়। যেকোনো অভিভাবক প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে পরিবেশ অধিদপ্তরে চলে আসতে পারেন আপনার সন্তানকে নিয়ে।’
বিস্তারিত জানতে: ww.greensaversinfo.org, www.fb.com/greensaversinfo.org