আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত পেলেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইন্টারনেটনির্ভর যোগাযোগের সফটওয়্যার ভাইবার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। গতকাল শনিবার দুপুরে সিলেটের এমসি কলেজে তারহীন ওয়াই-ফাই ইন্টারনেটের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অপব্যবহার রোধেই এগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেওয়া হবে। সরকার এ বিষয়ে সচেতন রয়েছে।’ সাইবার অপরাধ দমনে শিগগিরই আইন হচ্ছে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া প্রণয়নের কাজ চলছে। শিগগিরই মন্ত্রিসভায় এটি উঠবে।’ একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানেও অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী।
এমসি কলেজের ৫০০ শিক্ষার্থী একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন—এমন ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। এই নেটওয়ার্ক স্থাপনে পৃষ্ঠপোষকতা করেছে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি। এমসি কলেজ মিলনায়তনে কলেজটির অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রবির প্রধান করপোরেট ও পিপল কর্মকর্তা মতিউল ইসলাম এবং কলেজের উপাধ্যক্ষ মো. হায়াতুল ইসলাম আকুঞ্জী বক্তৃতা করেন। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ছয় মাস পর্যন্ত রবি সংযোগ ব্যবহারকারী এমসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শেষ হলো সিএসই কার্নিভাল
গতকাল সন্ধ্যায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সিএসই কার্নিভাল ২০১৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে বিশেষায়িত তথ্যপ্রযুক্তি ল্যাব (ইনকিউবেশন সেন্টার) স্থাপন করবে সরকার। শাবিপ্রবির উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কার্নিভালের পৃষ্ঠপোষক আইপিভিশন কানাডা ইনকরপোরেটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রকিবুল হাসান, সিওরক্যামশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান প্রমুখ।
দুই দিনের এই উৎসবে সফট্ওয়্যার প্রকল্প প্রদর্শনী, গেম ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ১০০ দলকে টপকে মোট ১৩টি সমস্যার মধ্যে আটটির সমাধান করে প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসি ড্রাগন দল। আর সাতটি করে সমস্যার সমাধান দিয়ে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে শাবিপ্রবির সাস্ট-ডাউন টু দ্য ওয়্যার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আর্টিলেরস দল। ওয়েবভিত্তিক সফটওয়্যার বিভাগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্পার্টটার্মস ও মোবাইল অ্যাপ বিভাগে চ্যাম্পিয়ন হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্লু ডটস দল। শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন।