
‘গত এক মাসে আপনি কী পরিমাণ আবর্জনা ফেলেছেন, বলুন তো?’ সারাহ জেইনের প্রশ্ন শুনে আমরা কিছুটা বিভ্রান্ত। বিভ্রান্তি না কাটতেই তাঁর দ্বিতীয় প্রশ্ন। ‘কিংবা গত এক বছরে...?’ সবার নীরবতাই বলে দিল, আবর্জনা আমরা কেউ ‘হিসাব করে’ ফেলি না। সারাহ এবার খোলাসা করেন, ‘আমাদের বক্তব্যটা খুব সহজ। আবর্জনা তৈরি না করে আমাদের পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যাদি ব্যবহার করা উচিত।’ সারা বিশ্বের মানুষকে এ ব্যাপারে সচেতন করতেই সাইকেলযাত্রায় নামছেন তিন অভিযাত্রী। তাঁদের একজন অস্ট্রেলীয় তরুণী সারাহ জেইন। বাকি দুজন—অভিযাত্রী দল কেওক্রাডং বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুনতাসির মামুন এবং ব্যান্ড জলের গানের সদস্য কনক আদিত্য।
পানির বোতল, পলিথিনের মতো যেসব প্লাস্টিকজাত আবর্জনা আমরা ছুড়ে ফেলি, সেগুলো পরিবেশের জন্য হুমকির কারণ। সে কথা মনে করিয়ে দিয়ে মুনতাসির মামুন যোগ করলেন, এ সমস্যা যে শুধু বাংলাদেশের, তা নয়। এ সমস্যা সারা পৃথিবীর। এ লক্ষ্যেই ট্র্যাশম্যানিয়েক নামে কানাডায় এ সাইকেলযাত্রার আয়োজন করেছেন তাঁরা। আলাস্কা থেকে যাত্রা শুরু হয়ে যা শেষ হবে টরন্টোতে গিয়ে। এই পাঁচ হাজার ৫০০ মাইল পথ পাড়ি দেওয়ার সময় অভিযাত্রীদের স্মার্টফোনে থাকবে একটি বিশেষ অ্যাপ, যার মাধ্যমে এ পুরো যাত্রায় তাঁরা যেসব প্লাস্টিকজাত আবর্জনা দেখতে পাবেন, সেগুলোর হিসাব রাখা হবে। এ-সম্পর্কিত সব রকম তথ্য আপলোড হয়ে যাবে এ ওয়েবসাইটে: www.trashmaniac/v2। একবার চোখ বোলালেই যে কেউ বুঝতে পারবেন, অজান্তেই কী বিপুল পরিমাণ প্লাস্টিকজাত আবর্জনা তৈরি করছি আমরা। ট্র্যাশম্যানিয়েক প্রথমবার করা হয়েছিল যুক্তরাষ্ট্রে।
‘কেন যুক্তরাষ্ট্র কিংবা কানাডায়, কেন বাংলাদেশে নয়?’ এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হলো অভিযাত্রীদের। মুনতাসির মামুন বুঝিয়ে বলেন, ‘আমেরিকা কিংবা কানাডা আমাদের চেয়ে অনেক বেশি প্লাস্টিকজাত আবর্জনা তৈরি করে। তারা যদি সচেতন হয়, সে সুফল আমরাও পাব।’ এ ছাড়া অভিযাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেল, ‘একজন কানাডীয় নাগরিক বছরে গড়ে ২৭২টি পলিথিন ব্যবহার করেন। ধরি, সমগ্র কানাডাবাসী পলিথিন ব্যবহার না করে বারবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে শুরু করলেন। এর মাধ্যমে যে পরিমাণ তেলের সাশ্রয় হবে, তা দিয়ে ৫৬ হাজার ৭৫৩টি গাড়ি সারা বছর চলতে পারবে!’
এতসব তথ্য-উপাত্ত শুনে মুনতাসির মামুনের কাছে জানতে চাই, যদি এ অভিযানের লক্ষ্য এক বাক্যে প্রকাশ করতে হয়, কী বলবেন? উত্তরটা আমাদের অবাক করল। মুনতাসির জানালেন, ‘আমরা স্রেফ একটা চমৎকার ভ্রমণ করতে চাই!’ বটে, সুন্দর পরিবেশই তো সুন্দর ভ্রমণের নিশ্চয়তা দেবে! সাইকেল চালাতে হবে টানা ৯০ দিন। হেসে হেসে কথা বললেও সারাহ জানালেন, ‘আমি ভীত! আগে কখনো এভাবে সাইকেল অভিযানে বের হইনি। জানি না পারব কি না।’
সারাহকে সাহস জোগাতে পারেন কনক আদিত্য। ‘তিন মাসের জন্য বেরিয়ে পড়ছেন, তাহলে জলের গানের কী হবে?’ তাঁর কাছে এই ছিল প্রশ্ন। কনক বললেন, ‘বেড়াতে যাচ্ছি, কিন্তু মাথাটা তো সঙ্গেই যাচ্ছে। নিয়ে যাচ্ছি আমার বাদ্যযন্ত্রগুলোও। আশা করি, নতুন নতুন অনেক কিছু শিখতে পারব। শুধু আমি না, হয়তো আমাদের অন্য সদস্যরাও বেরিয়ে পড়বে। এভাবেই আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাই।’
সুতরাং সারাহ ভরসা পেতেই পারেন। সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে ক্লান্ত হয়ে গেলে হয়তো কনক গেয়ে উঠবেন, ‘আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি। তুমিও থাকো বন্ধু হে...’!