সবুজের জন্য লড়াই

কখনো কি ভেবেছেন, ঠান্ডা পানীয় পান করে প্লাস্টিকের যে বোতলটি আপনি ছুড়ে ফেললেন, সেটি মাটিতে শত বছরেরও বেশি সময় অপচনশীল হয়ে থেকে যাবে। চিন্তা করেছেন, প্লাস্টিকের বোতলে রাখা পানীয় কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো? প্লাস্টিক পুড়ে প্রতিবছর যে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, সেটা কি আপনাকে ভাবায়?
আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার এত ব্যাপক যে এর সঠিক বিকল্প খুঁজে বের করাটা বেশ দুরূহ। কিন্তু এই কাজটি সহজে করার স্বপ্নই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন চৌকস তরুণ। শুধু তা-ই নয়, তাঁরা একে বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন করার মতো সাহসী পদক্ষেপও নিতে চান। ‘গ্রিনপ্যাক’ নামে তাঁদের এই পরিকল্পনা যে সম্ভাবনাময়, এই স্বীকৃতি তাঁরা পেয়েছেন পৃথিবীর অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ উদ্যোক্তা প্রতিযোগিতা ‘রাইস বিজনেস প্ল্যান কম্পিটিশন’-এ তাঁদের প্রকল্প উপস্থাপনের মাধ্যমে।
এই তিন মেধাবী হলেন ঢাকা বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের রিশাদ আহমেদ, জি এম ফারহান ও নিশাত ফারজানা। তাঁদের মধ্যে রিশাদ স্নাতক শেষ করেছেন, নিশাত তৃতীয় ও ফারহান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রকল্পের কথা বলতে গিয়ে রিশাদ জানান, তাঁদের উদ্ভাবন গ্রিনপ্যাক হলো সম্পূর্ণ পচনশীল একটি প্যাকেজিং ব্যবস্থা, যেটা সব ধরনের তরল পানীয়র মোড়ক হিসেবে প্লাস্টিক বোতলের বিকল্প রূপে ব্যবহার করা যাবে। বাঁশপাতা ও ধানের খুদ থেকে নির্মিত গ্রিনপ্যাক দ্রুত পচনশীল হওয়ায় এটা হবে পরিবেশের জন্য উপকারী।
একই মঞ্চে প্রতিযোগিতা করেছেন হার্ভার্ড, এমআইটি, ইয়েল, লন্ডন বিজনেস স্কুলের দলের সঙ্গে। প্রতিযোগিতার আসরে তাঁরা ছিলেন বাংলাদেশ থেকে একমাত্র এবং পুরো এশিয়া থেকে সুযোগ পাওয়া তিনটি দলের একটি।
এ বছরের ১০ থেকে ১২ এপ্রিল টেক্সাস-হিউস্টনের রাইস বিশ্ববিদ্যালয়ে বসে ‘রাইস বিজনেস প্ল্যান কম্পিটিশনের’ আসর। সারা পৃথিবী থেকে আসা ৫০০ আবেদনপত্র বাছাই করে সেরা ৪২টি উদ্যোক্তা দলকে আমন্ত্রণ জানানো হয় প্রতিযোগিতার মূল আসরে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার মূল আকর্ষণ, বিশ্বখ্যাত সব ব্যবসাপ্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাদের মধ্যে আছে নাসা, নাসডাক, রয়েল ডাচ শেল, শেভরন, কনকোফিলিপস, টোটাল, ওরাকল, ফরচুন, ইউএস এনার্জি ইত্যাদি। চূড়ান্ত সফলতা না এলেও অভিজ্ঞতাটাকে ছোট করে দেখতে রাজি নয় কেউই। নিশাত বলেন, ‘প্রতিযোগিতার আসরে এত বিচারক আর ইনভেস্টরের সামনে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করা ছিল আমাদের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। এখানে আমরা দেখেছি যে সত্যিকারের ব্যবসায়ীরা আসলে কীভাবে চিন্তা করেন। সামনের দিনগুলোয় এটা আমাদের অবশ্যই কাজে লাগবে।
প্রতিযোগিতার সময়টুকু বাদ দিলে যুক্তরাষ্ট্র ভ্রমণের স্মৃতিও কম নয় তিনজনের। তাঁরা ঘুরে দেখেছেন হিউস্টনের ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম ও নাসার জনসন স্পেস সেন্টার।
প্রতিযোগিতায় তাঁরা চ্যালেঞ্জ রাউন্ডে অংশ নিয়ে জিতে নিয়েছেন ৫০০ ডলারের প্রাইজমানি।
স্বপ্নটাকে আরও অনেক দূর নিয়ে যেতে চান এই তিন তরুণ। কাজ করতে চান এমন সব উদ্যোগে, যাতে দেশের সাধারণ মানুষ সবচেয়ে লাভবান হয়। তাঁরা আছেন বলেই বাংলাদেশের পতাকাটা এখনো এত সবুজ।