সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বিসিএসের নতুন কমিটিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন কমিটির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার ও কামরুজ্জামান ভূঁইয়া। আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিসিএস নির্বাচনের ভোটগ্রহণ চলে। রাতেই ফলাফল ঘোষণা ও পদবণ্টন করা হয়। ২০২২–২৪ মেয়াদের জন্য নতুন কমিটির সহসভাপতি ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে রাশেদ আলী ভূঁইয়া এবং মোহাম্মদ নজরুল ইসলাম। পরিচালক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন।

সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুটি প্যানেলে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী ও শাখা কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনটির আটটি শাখার নতুন কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে বরিশাল, খুলনা, যশোর ও সিলেট শাখার নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও কুমিল্লা শাখার প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠিত হয়েছে।

বিসিএস নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৩২, ভোট দিয়েছেন ১ হাজার ৩৪১ জন। ২২টি ভোট বাতিল হয়েছে।