সমঝোতার পথে অভ্র ও বিজয়
ইন্টারনেটে জনপ্রিয় বাংলা সফটওয়্যার অভ্র নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হতে যাচ্ছে। গতকাল বুধবার অনানুষ্ঠানিক এক সভায় অভ্র এবং বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়ের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী আগামী ২০ আগস্টের মধ্যে অভ্র সফটওয়্যার থেকে ইউনিবিজয় নামের কি-বোর্ড লে-আউট প্রত্যাহার করে নেবেন অভ্রের নির্মাতা অমিক্রন ল্যাবের প্রতিষ্ঠাতা মেহ্দী হাসান খান। আর একই সময়ের মধ্যে কপিরাইট অফিসে দায়ের করা অভ্রের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ প্রত্যাহার করে নেবেন বিজয়ের নির্মাতা আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পারস্পরিক অনানুষ্ঠনিক আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয়েছে। মোস্তাফা জব্বার ও মেহ্দী হাসান খান শিগগিরই এ ব্যাপারে একটি যৌথ বিবৃতি দেবেন।বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ সভা। সভায় মোস্তাফা জব্বার, মেহ্দী হাসান খানসহ আরও উপস্থিত ছিলেন আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম, এএইচজেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান মাহমুদ, রায়ানস আর্কাইভের প্রধান নির্বাহী আহমেদ হাসান, বিসিসির সিস্টেম অ্যানালিস্ট এনামুল কবির, বাংলাদেশ ওপেন সোর্সনেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, কম্পিউটার প্রোগ্রামার রিফাত-উন-নবীসহ অনেকে। সভায় উপস্থিত বক্তারা বলেন, কম্পিউটারে বাংলা লেখার কাজে দীর্ঘদিন ধরে বিজয় যেমন ব্যাপক জনপ্রিয়, তেমনি ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে নতুন যুগ সৃষ্টি করেছে অভ্র। তাই আইনের দীর্ঘসূত্রতায় না গিয়ে একটি সমঝোতায় এলে তা বাংলায় কম্পিউটার চর্চার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। মোস্তাফা জব্বার ও মেহ্দী হাসান খান ভবিষ্যতে কম্পিউটারে বাংলা ভাষার উন্নয়নে আরও কাজ করে যাবেন—উপস্থিত সবাই এ প্রত্যাশা করেন।প্রসঙ্গত, গত ৪ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় মোস্তাফা জব্বারের একটি লেখায় অভ্রকে পাইরেটেড উল্লেখ করা হয়। এর পরই ইন্টারনেটে বাংলা ব্লগসাইটগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। অভ্র সফটওয়্যারে ইউনিবিজয় কি-বোর্ড থাকার কারণে বিজয় কি-বোর্ড লে-আউটের কপিরাইট ও প্যাটেন্ট স্বত্ব লঙ্ঘন হয়—২৫ এপ্রিল কপিরাইট অফিসে এ অভিযোগ আনেন মোস্তাফা জব্বার। এরপর কপিরাইট অফিস মেহদী হাসান খানকে এর কারণ দর্শানোর জন্য চিঠি দেয়। এর জবাবও দেন তিনি। এরপর বিষয়টির শুনানির দিন ধার্য করে কপিরাইট অফিস। তবে দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হতে যাচ্ছে, তাতে এই জটিলতার পরিসমাপ্তি ঘটবে বলে আশা করা যাচ্ছে। —নিজস্ব প্রতিবেদক