সমভাবে জ্ঞান ছড়াতে পারেনি ইন্টারনেট
আগে যেমনটি ভাবা হয়েছিল, সবার মধ্যে সমভাবে জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট তেমন একটা ভূমিকা রাখতে পারেনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কর্মকর্তা এথান জুকারম্যান এ কথা বলেছেন। গত বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক এক সম্মেলনে বক্তৃতা করার সময় জুকারম্যান বলেন, ওয়েব বা ইন্টারনেট নিখুঁত সমাজব্যবস্থা গড়ে তুলবে এমনটি আশা করেছিলেন ওয়েবের জনকসহ আরও অনেকেই। কিন্তু বাস্তবে তা হয়নি। তথ্যের ঘাটতি পূরণ করতে পারেনি এটি। সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো সমস্যা সমাধানের চেয়ে সমস্যা তৈরি করেছে বেশি। তিনি বলেন, আমরা ভেবেছিলাম টেলিভিশন ও পত্রিকা যা করতে পারেনি, ইন্টারনেট তা করে দেখাবে। কিন্তু এখন পর্যন্ত সে প্রত্যাশা পূরণ হয়নি। এখন পর্যন্ত পর্যাপ্ত তথ্য দিতে পারেনি ইন্টারনেট। বেশির ভাগ সাইট ধনী দেশগুলো থেকে তথ্য সংগ্রহ করে এবং সেসব দেশের খবরাখবর সরবরাহ করে। উন্নয়নশীল বিশ্বকে রীতিমতো অবহেলা করা হয়। ইন্টারনেটে এ ধরনের চর্চা ঠিক নয়। জুকারম্যান বলেন, ১৯৭০-এর দশকে আমি যখন ছোট ছিলাম, তখন টেলিভিশনে রাতের খবরে ৩৫ থেকে ৪০ শতাংশ আন্তর্জাতিক খবর থাকত। এখন তা ১২ থেকে ১৫ শতাংশে নেমে এসেছে। ইন্টারনেট ইচ্ছে করলেই এ শূন্যতা পূরণ করতে পারে। বিশ্বের অনেক খবর ইন্টারনেটে আসে না। মানুষ তাহলে কোথা থেকে জানতে পারবে। তাই আমি সব ওয়েবসাইটকে আহ্বান জানাই, সব দেশের খবর পরিবেশনের জন্য। তাদের সে সুযোগ আছে।—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান