
বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি পোশাকশিল্প খাত। পোশাকশিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে এ শিল্পে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও ধারণা। এ জন্য প্রয়োজন দক্ষ ও পেশাদার জনবল। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বস্ত্র প্রকৌশল নিয়ে দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে চতুর্থ বিষয় বাদে কমপক্ষে জিপিএ-৪ পেতে হবে। এ ছাড়া পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও গণিত বিষয়ে আলাদাভাবে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে সমমানের সনদ গ্রহণ করে আবেদন করতে পারবেন।
যেসব বিষয় পড়ানো হয়
এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
বিষয়গুলো হলো: ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং (আসন ৮০), ফেব্রিক ম্যানুফ্যাকচারিং (আসন ৮০), ওয়েট প্রসেসিং (আসন ৮০), অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং (আসন ৮০), টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ (আসন ৬০) ও ফ্যাশন অ্যান্ড ডিজাইন (আসন ৩০)।
যোগাযোগ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৯২, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও। ফোন: ৯১১৪২৬০। এ ছাড়া ওয়েবসাইটেও জানা যাবে বিস্তারিত www.butex.edu.bd
উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজে বস্ত্র প্রকৌশল বিষয়টি পড়ার সুযোগ রয়েছে।