সমস্যায় জর্জরিত কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় মাস আগে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিবাসী মনিরা বেগম (৩০) কেন্দ্রের ভেতরে আত্মহত্যা করেন। এ ঘটনার তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির নাজুক অবস্থার কারণে মনিরা বেগম আত্মহত্যা করতে পেরেছেন। ভবিষ্যতে এ ধরনের আত্মহত্যার ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য তদন্ত প্রতিবেদনে বিভিন্ন সুপারিশও করা হয়েছিল। তবে পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি হয়নি।

দেশে কিশোরী ও নারীদের জন্য এটিই একমাত্র সংশোধনী কেন্দ্র। আইনের সংস্পর্শে আসা মেয়েদের অভিভাবকেরা যদি মনে করেন যে তাঁদের সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন সন্তানকে এ কেন্দ্রে রেখে উন্নয়নের চেষ্টা করেন।

শিশু আইনে বলা হয়েছে, কোনো শিশুকে কারাগারে বা হাজতে রাখা যাবে না। অপরাধ করেছে, এমন শিশুদের জন্য রয়েছে সংশোধনী কেন্দ্র। ১৯৭৪ সালে প্রণীত শিশু আইনের ৩ ধারা মোতাবেক অপরাধী শিশু-কিশোরদের সংশোধনের উদ্দেশ্যে ১৯৭৮ সালে গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্র, ১৯৯৫ সালে যশোরে কিশোর উন্নয়ন কেন্দ্র এবং ২০০৩ সালে গাজীপুরের কোনাবাড়ীতে কিশোরী উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এসব কেন্দ্রে সন্দেহভাজন শিশু, বিচারোত্তর শিশু ও মা-বাবা বা অভিভাবকদের পাঠানো শিশুকে রাখা হয়।

দেশে ক্রমবর্ধমান শিশু-কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোর ভূমিকা থাকলেও বর্তমানে এসব কেন্দ্র নানাবিধ সমস্যায় জর্জরিত। সীমিত বাজেট, প্রশাসনিক দুর্বলতা, অপর্যাপ্ত জনবল, অনুন্নত সংশোধন প্রক্রিয়া ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে চলছে কিশোর উন্নয়ন কেন্দ্রের শিশুদের মানসিক উন্নয়ন ও সামাজিক পুনর্বাসন কর্মসূচি।

মনিরা বেগম সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে ছিলেন। ভবঘুরে আইনের আওতায় পুলিশ তাঁকে এই আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। পরবর্তী সময়ে সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্তে মিরপুরের আশ্রয়কেন্দ্রের নিবাসীদের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় গত বছরের ৩১ ডিসেম্বর।

 গত ৫ ফেব্রুয়ারি মনিরা বেগম কেন্দ্রের ভেতরে আত্মহত্যা করেন। ৬ ফেব্রুয়ারি গাজীপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক লুৎফুন নেছার নেতৃত্বে গঠিত কমিটি কিশোরী উন্নয়ন কেন্দ্রে তদন্ত করে এবং প্রতিবেদন তৈরি করে। এ প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক (প্রতিষ্ঠান) বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদনে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি মানসিক প্রতিবন্ধীসহ যেসব নিবাসীর আচরণ অসংলগ্ন, তাদের নিয়মিত কাউন্সেলিং ও মটিভেশন দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে দায়িত্ব দেওয়ার জন্যও সুপারিশ করা হয়। প্রতিষ্ঠানের জন্য সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স ও যানবাহনের ব্যবস্থা করা এবং কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসি টিভির ব্যবস্থা করার সুপারিশ করা হয়। কিন্তু তার পরও কিশোরী কেন্দ্রটির সার্বিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

তবে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, মনিরা বেগমের আত্মহত্যার পর তদন্ত প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় নিবাসীদের প্রশিক্ষণ ও আইনি সহায়তা বাড়ানো হয়েছে।

জানা গেছে, কোনাবাড়ীর এই কেন্দ্রে ১৫০ জনের থাকার ব্যবস্থা আছে। বর্তমানে এখানে নিবাসী আছে ১১০ জন। নিবাসীদের মধ্যে ২৫ জনই কোনো না কোনো প্রতিবন্ধিতার শিকার। তবে এই প্রতিবন্ধী ব্যক্তিদের দেখভালের জন্য বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কেন্দ্রটিতে আছে জনবলের স্বল্পতা। কেন্দ্রে সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন শংকর শরণ সাহা। তাঁর মূল কাজ সমাজসেবা রেজিস্ট্রেশন কর্মকর্তার দায়িত্ব পালন করা। সোশ্যাল কেইস ওয়ার্কারের দায়িত্ব পালনকারী তাসনীম ফেরদৌসী সহকারী তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তাঁর মূল দায়িত্বটিও এ ধরনের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিবাসীদের সঠিকভাবে কাউন্সেলিং করা সম্ভব হচ্ছে না, যা এ ধরনের নিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়ন কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশন কর্মকর্তার পদটিও খালি দীর্ঘদিন ধরে। এ দায়িত্ব পালন করছেন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। ইলেকট্রনিক বিষয়ে এবং মুরগি পালন প্রশিক্ষণে প্রশিক্ষকের পদ খালি রয়েছে। কেন্দ্রের মোট ৪৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৭ জন।

কেন্দ্রে নিবাসীপ্রতি মাসিক খরচ দুই হাজার টাকা। এর মধ্যে তিন বেলা খাবারের জন্য বরাদ্দ এক হাজার ৬০০ টাকা। ৪০০ টাকার মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ, তেল, সাবানসহ অন্যান্য খরচ করতে হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, দিনে নিবাসীদের জন্য খাবারের পেছনে বরাদ্দ ৫২ টাকার একটু বেশি। তবে বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এ টাকায় একজনের খাবার সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে। সরকার থেকে পোশাক সরবরাহ করা হলেও তার মানও খুব খারাপ।

কেন্দ্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা আছে। পঞ্চম শ্রেণীর পর কেউ যদি আরও পড়তে চায়, তাহলে তার জন্য কোনো ব্যবস্থা নেই।

কোনাবাড়ীর কেন্দ্রের মতো দেশের আরও দুটি কিশোর উন্নয়ন কেন্দ্রের অবস্থাও নাজুক। জানা গেছে, এসব কেন্দ্রে নির্ধারিত সরকারি চিকিৎসক নেই। তাই চিকিৎসাব্যবস্থা অপ্রতুল। মাথাপিছু দৈনিক ৫২ টাকার খাবারে শিশু-কিশোরেরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। কেন্দ্রে আটক নিবাসীদের বয়সসীমা ১৮ বছর বলা থাকলেও সেখানে বয়স নিরূপণের কোনো ব্যবস্থা নেই। ফলে মধ্যবয়সী অনেক কয়েদিকে এসব কেন্দ্রে রেখে অন্যায়ভাবে নানা সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ করে দেওয়া হচ্ছে।