মাইক্রোসফট করপোরেশনের সর্বশেষ দুটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এবং ৮-এ প্রবলেম স্টেপস রেকর্ডার নামে বেশ কাজের একটি ছোট প্রোগ্রাম আছে। কম্পিউটারে কারিগরি যেকোনো সমস্যার মুখোমুখি হলে এটি দিয়ে সমস্যাটি ধারণ বা রেকর্ড করে অভিজ্ঞ কারও কাছে পাঠিয়ে সঠিক নির্দেশনা ও সাহায্য পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। সুবিধাটি ব্যবহার করতে চাইলে Windows Key + R চেপে রান চালু করে তাতে লিখুন psr এবং এন্টার করুন। প্রোগ্রাম উইন্ডোটি খুললে Start Record বোতামে ক্লিক করুন। এবার কম্পিউটারে কাজ করতে গিয়ে যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, সেটাই আবার করে দেখান। প্রয়োজনে Pause Record বোতামে ক্লিক করে সমস্যা রেকর্ডে বিরতি নেওয়া যাবে। সমস্যাটি দেখানো শেষ হয়ে গেলে Stop Record বোতাম চেপে দিন।
সমস্যার চিত্র ধারণের সময় কোনো বিশেষ একটা অংশে আরও বিস্তারিত কিছু ব্যাখ্যা দেওয়ার থাকলে Add Comment বোতামে চেপে তার বর্ণনা লিখে দিতে পারেন। এ ক্ষেত্রে মাউস কার্সর দিয়ে সমস্যা-সম্পর্কিত বিশেষ অংশটি পর্দায় আলাদাভাবে টেনে বা ড্র্যাগ করে মন্তব্যের ঘরে ব্যাখ্যাটি লিখে দিন। OK ক্লিক করে আবার টুলের রেকর্ডের কাজটি চালিয়ে নিয়ে যান। কাজ শেষে রেকর্ডার বন্ধ করে দিন। রেকর্ডিং শেষ হলে এটি জিপ ফাইল আকারে কোনো অবস্থান বা লোকেশনে সেভ করতে হবে। এ জিপ ফাইলটি হলো অনেকগুলো স্ক্রিনশট বা পর্দায় দেখানো ক্রমিক ছবির সমন্বয়। ফাইলটি জিপ আকারে থাকায় ডিস্কের জায়গা বাঁচবে। ফাইলটি আনজিপ করে চালু করলে কম্পিউটারে থাকা সমস্যাটির একের পর এক স্ক্রিনশট দেখা যাবে। এবার অভিজ্ঞ যার কাছ থেকে সাহায্য নেওয়া যাবে, তার কাছে ফাইলটি ই-মেইল বা পেনড্রাইভে করে পাঠিয়ে দিন। আশা করা যায়, এতে করে নিজের সমস্যাটি সুন্দরভাবে দেখানোর ফলে তার একটা সুষ্ঠু সমাধান পাওয়া যাবে দ্রুতই। —মঈন চৌধুরী