সমাজ বদলের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ। এই বিশাল জনসংখ্যার অর্ধেকই নারী। বাংলাদেশের উন্নয়ন করতে হলে সেটা শুরু করতে হবে গ্রাম থেকেই। আর তা নারীরাই এগিয়ে নিয়ে যেতে পারেন। নারীদের মাধ্যমে সমাজ পরিবর্তনের এমনই এক প্রকল্পের কথা জানান কানিজ ফাতেমা। কানিজ ও তাঁর চার বন্ধু মিলে ২০১৩ সালের ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল ভার্চুয়াল এন্টারপ্রাইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।  তিনি বর্তমানে কুমিল্লার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে সার্ভেইং টেকনোলজিতে ডিপ্লোমা করছেন।

পাঁচ বন্ধু মিলে নেক্সাস নামে দল তৈরি করে তাঁদের ধারণা জমা দেন ব্রিটিশ কাউন্সিলের কাছে। দেশের ২০টি দলের মধ্য থেকে তাঁদের নেক্সাস প্রকল্পটি নির্বাচিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য। দলের সদস্য এনামুল ইসলাম বলেন, ‘এটা নিঃসন্দেহে বেশ গৌরবের। আমরা বাংলাদেশের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্য সব দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি।’ এই প্রকল্পে দিকনির্দেশক হিসেবে ছিলেন মাজহারুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও চারটি দেশের যুগান্তকারী সব ভাবনা, উদ্ভাবনী পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় এই প্রকল্প। এই তরুণ শিক্ষার্থীদের পরিকল্পনা হচ্ছে, গ্রামের বেকার নারীদের কুটিরশিল্পভিত্তিক নতুন কাজের সুযোগ সৃষ্টি করা। বিভিন্ন ধরনের কুটিরশিল্পের মাধ্যমে নানা পণ্য তৈরি করে সেই পণ্যগুলো সঠিকভাবে বাজারজাতকরণের মাধ্যমেই নারীর উন্নয়ন করা সম্ভব। প্রাথমিকভাবে কুমিল্লার দুটি গ্রামের ৩০ জন নারীকে বিভিন্ন ধরনের পণ্য তৈরির জন্য প্রশিক্ষণ, উপকরণ সহায়তা করা হচ্ছে। পরিবেশবান্ধব পণ্য তৈরিতে তাঁদের উৎসাহ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাতে তৈরি ব্যাগ, ওয়ালম্যাট, শোপিস তৈরির মাধ্যমে নারীদের পণ্য তৈরিতে দক্ষ করে তোলা হয়েছে। পণ্য উৎপাদনের পর তা কিনে নিয়ে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন নেক্সাস দলের সদস্যরা। পণ্য বিক্রির লভ্যাংশ তাঁরা নারীদের উন্নয়নে ব্যায় করছেন। এই প্রকল্পের ভিডিওচিত্র জমা দেওয়ার পরই ছিল তাঁদের অপেক্ষা। দলের অন্য সদস্য মাকসুদা বৃষ্টি বলেন, ‘প্রকল্প জমা দেওয়ার পর বেশ কদিন টেনশনেই ছিলাম। কিন্তু অবশেষে বাংলাদেশের নাম দেখতে পেয়ে ভীষণ আনন্দিত।’ এই প্রকল্পকে শুধুই কুমিল্লা নয়, বড় আকারে বাংলাদেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন এই তরুণেরা।

ইন্টারন্যাশনাল ভার্চুয়াল এন্টারপ্রাইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতা ব্রিটিশ কাউন্সিল নিয়মিত আয়োজন করে থাকে। এ বছরের চ্যালেঞ্জ ছিল, নতুন কোনো সামাজিক উদ্যোগের মাধ্যমে নিজ সমাজে পরিবর্তন আনা সম্ভব। বাংলাদেশসহ মিসর, পাকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। আগামী আগস্ট মাসে পুরস্কার বিজয়ীদের হাতে সম্মাননা ও তিন হাজার পাউন্ড দেওয়া হবে।