অধ্যায়-৮ n
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞানের ৮ম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
সুমনের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পড়াশোনা করে শিক্ষক হবে। তাই ছোটকাল থেকেই সে লেখাপড়ায় মনোযোগী হয়। কিন্তু একটু বড় হলেই পাড়া-প্রতিবেশী তাকে পড়াশোনা করার কারণে নানা কথা বলতে থাকে। তার পরিবারও তাকে পড়াশোনায় নিরুত্সাহিত করতে লাগল। এতে সে আর পড়াশোনা না করে পৈতৃক পেশায় আত্মনিয়োগ করল।
প্রশ্ন:
ক. দাসদের উত্পাদনের জীবন্ত হাতিয়ার বলেছেন কে?
খ. সামাজিক স্তরবিন্যাস বলতে তুমি কী বোঝো?
গ. সুমনের বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনের সঙ্গে মিল আছে?
ঘ. আধুনিক সমাজে ভিন্ন ধরনের স্তরবিন্যাস লক্ষণীয়, প্রমাণ করো।
উত্তর: ক. গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
উত্তর: খ. সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজের ব্যক্তিদের অসম বিন্যাসকে বোঝায়। সমাজে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও শ্রেণির উঁচু-নিচু ভেদাভেদ। বিভিন্ন আর্থসামাজিক ভিত্তিতে সমাজে বিদ্যমান জনগোষ্ঠীকে ভিন্ন ভিন্ন মর্যাদা স্তরে ভাগ করাই সামাজিক স্তরবিন্যাস। সমাজবিজ্ঞানী সরোকিন উঁচু-নিচু শ্রেণির ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাকে সামাজিক স্তরবিন্যাস বলে অভিহিত করেন। সামাজিক অসমতাই সামাজিক স্তরবিন্যাসের সূচনা করে।
উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সঙ্গে সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রধান ধরন বর্ণপ্রথার মিল রয়েছে।
বর্ণপ্রথা বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝানো হয়, যার সদস্যদের মধ্যে অন্তর্গোত্র বিবাহ হয়, যাদের একটি সাধারণ নাম থাকে, উত্তরাধিকার সূত্রে তা লাভ করে এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রে সদস্যদের মধ্যে কিছু বিধিনিষেধ থাকে। মূলত ঐতিহ্যবাহী হিন্দু সমাজেই বর্ণপ্রথা দেখা যায়। হিন্দু সমাজে চারটি বর্ণ আছে যথা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণরা অভিজাত এবং উচু স্তরের অন্যদিকে শূদ্ররা সবচেয়ে নিম্নস্তরের অন্তর্ভুক্ত। বিভিন্ন ধরনের সামাজিক আচার অনুষ্ঠান, সামাজিক বন্ধন ও মিথস্ক্রিয়ায় ব্রাহ্মণদের অবস্থান যেমন ভিন্ন, তেমনি অন্য বর্ণের লোকদেরও। ব্রাহ্মণের বিয়ে ব্রাহ্মণের সঙ্গে হবে, এটাই সামাজিক রীতি।
উদ্দীপকে দেখা যাচ্ছে, সুমনের পড়াশোনা করে শিক্ষক হওয়ার ইচ্ছা থাকলেও সামাজিক বাধার কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। তাই তাকে পড়াশোনা না করে পৈতৃক পেশায় আত্মনিয়োগ করতে হয়েছে। কেননা, বর্ণপ্রথায় যে যে বর্ণে জন্মায়, তাকে সারা জীবন সে বর্ণেই থাকতে হয়, যেমনটি সুমনের ক্ষেত্রেও হয়েছে।
উত্তর: ঘ. আধুনিক সমাজে বর্ণপ্রথার ধারণা অনুপস্থিত। কেবল ঐতিহ্যবাহী ভারতীয় হিন্দু সমাজে এ ব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে, আধুনিক সমাজ মূলত শ্রেণিভিত্তিক সমাজ। আধুনিক প্রতিটি সমাজে কম-বেশি সামাজিক শ্রেণির ধারণা বিদ্যমান।
সামাজিক শ্রেণি বলতে এমন একটি দল বা গোষ্ঠীকে বোঝায়, যারা মোটামুটি একই ধরনের জীবন যাপন করে, একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে। অর্থাত্ উত্পাদনকাজে যারা একই ধরনের ভূমিকা পালন করে ও যাদের আয় ও জীবনযাপন প্রণালির মধ্যে একটা সামঞ্জস্য আছে, তারাই একেকটা শ্রেণি। কার্ল মার্ক্স আধুনিক পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক ভিত্তিতে দুটো শ্রেণির (মালিক শ্রেণি ও শ্রমিক শ্রেণি) কথা বলেন। মূলত আধুনিক সমাজে স্তরবিন্যাসের চারটি ধরনের মধ্যে সামাজিক শ্রেণি বেশি মাত্রায় লক্ষণীয়। আধুনিক সমাজে সাধারণত তিনটা শ্রেণি দেখা যায়। যথা—
১। উচ্চবিত্ত শ্রেণি: কল-কারখানার মালিক, উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি-মন্ত্রী, ধনী ব্যবসায়ী প্রভৃতি এ শ্রেণিভুক্ত।
২। মধ্যবিত্ত শ্রেণি: শিক্ষক, চিকিত্সক, প্রকৌশলীসহ পেশাজীবী শ্রেণি মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। মধ্যবিত্ত শ্রেণিকে আবার উচ্চ-মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণিতে ভাগ করা যায়।
৩। নিম্নবিত্ত শ্রেণি: কৃষক, শ্রমিক, কর্মজীবী, দিনমজুর প্রভৃতি অবস্থানের মানুষ এ শ্রেণির অধিভুক্ত।
উপরিউক্ত আলোচনার ভিত্তিতে এটাই প্রতীয়মান হয় যে আধুনিক সমাজে বর্ণপ্রথা নয় বরং সামাজিক শ্রেণির ধারণাই বিদ্যমান। উপরিউক্ত শ্রেণিগুলোর ভিত্তিতেই আধুনিক সমাজে স্তরায়ণ করা হয়।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম