সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞানের ৭ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

# শিমুল ছোটকাল থেকে সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে শেখে। শিশুকালে সে মা-বাবার কাছ থেকেই বেশি শিক্ষা গ্রহণ করে। মা-বাবার নির্দেশিত ও দেখানো পথেই সে বড় হতে থাকে। পরে তাকে স্কুলে ভর্তি করা হলে সে শিক্ষক ও সহপাঠীদের দ্বারাও প্রভাবিত হতে থাকে। এ প্রক্রিয়াতেই সে এখন সমাজের যোগ্য সদস্য হিসেবে গড়ে উঠেছে।

প্রশ্ন:

ক. সুপার ইগো কী?

খ. বিশ্বায়ন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে?

ঘ. ওই প্রক্রিয়ায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অসামান্য—কথাটি বিশ্লেষণ করো।

উত্তর: ক. সুপার ইগো হলো মানুষের নৈতিকতাবোধ, যা ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা দেয়। মনোবিজ্ঞানী ফ্রয়েড মানুষের মধ্যে তিনটি সত্তা (ইড, ইগো ও সুপার ইগোর) সম্পর্কে ধারণা দেন। সুপার ইগো মানুষকে প্রবৃত্তির তাড়না থেকে দূরে রেখে নৈতিক বলে বলীয়ান করে।

উত্তর: খ. বিশ্বায়ন হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য, শ্রম ও পণ্যের সরবরাহ স্থানিক গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক রূপ লাভ করে। এ প্রক্রিয়ায় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, চাকরি প্রভৃতিতে স্থানীয় সীমারেখা ও গণ্ডি থাকবে না। সবকিছু পরিচালিত হবে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে। এখানে বিশ্বের সব মানুষের মধ্যে আন্তঃযোগাযোগ ও নির্ভরশীলতার মধ্য দিয়ে বিশ্ব এগিয়ে যাবে বলে মনে করা হয়। তবে পুঁজিবাদী ব্যবস্থায় পণ্যের অবাধ প্রবাহের ধারণা থেকে বিশ্বায়ন বিষয়টি সামনে উঠে আসে।

উত্তর: গ. উদ্দীপকে সামাজিকীকরণ প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে।

সামাজিকীকরণ বলতে একটি প্রক্রিয়াকে বোঝানো হয়, যে প্রক্রিয়ার একটি শিশু সমাজের সদস্য হিসেবে গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে, তাকেই সামাজিকীকরণ বলে অভিহিত করেছেন। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এ প্রক্রিয়ার মধ্যে থাকে, যদিও শিশুকালই এর উপযুক্ত সময়। জন্মের পর শিশু একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে সমাজের আচার-আচরণ, ধ্যান-ধারণা, মূল্যবোধ প্রভৃতি রপ্ত করে। রপ্ত করার এ প্রক্রিয়াই সামাজিকীকরণ।

জন্মের পর শিশুকে সমাজের আচার-আচরণ, মূল্যবোধ প্রভৃতি রপ্ত করে সমাজের সদস্য হতে হয়। শিমুলের ক্ষেত্রেও তা-ই হয়েছে। জন্মের পর সে প্রথমে মা-বাবা থেকে শিক্ষা লাভ করেছে। পরে স্কুলের শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকেও নানা বিষয়ে ধারণা লাভ করেছে। ফলে সে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে উঠেছে। আর সমাজের সদস্য হিসেবে গড়ে ওঠার এ প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ।

উত্তর: ঘ. সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অসামান্য। সামাজিকীকরণের ক্ষেত্রে খেলার মাঠ, ধর্মীয় প্রতিষ্ঠান, সংঘ-সমিতি, গণমাধ্যম প্রভৃতির ভূমিকা থাকলেও পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

পরিবার হলো মানুষের আদি ও অকৃত্রিম সংগঠন। একই সঙ্গে মানুষের সবচেয়ে কাছের ও প্রয়োজনীয় প্রতিষ্ঠান। আমরা দেখতে পাই, শিশু জন্মের পর প্রথমেই পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হয়। মা-বাবা ও ভাইবোনের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে। পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয়। পরিবার থেকে সে সামাজিক আচার-আচরণ, ধ্যান-ধারণা ও মূল্যবোধ রপ্ত করে। পরিবারের অন্যান্য সদস্যের ধ্যান-ধারণা ও মূল্যবোধই মূলত শিশু শেখে, যা তার সমাজজীবনকে প্রভাবিত করে।

শিশু একটু বড় হলে পরিবারের গণ্ডি ছাড়িয়ে বিদ্যালয়ের আঙিনায় পা রাখে। পরিবারের মতো বিদ্যালয়ও তার গুরুত্বপূর্ণ অঙ্গন হয়ে ওঠে। দীর্ঘসময় তাকে বিদ্যালয়ে থাকতে হয়। পরিবারে সে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা পেলেও বিদ্যালয়ে সে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে থাকে। বিদ্যালয়ে শিক্ষকদের কাছ থেকে সমাজের প্রকৃত সদস্য হয়ে গড়ে উঠতে প্রয়োজনীয় নির্দেশনা পায়। তাকে বিদ্যালয়ের নিয়ম-নীতিও মেনে চলতে হয়। ফলে শিশু একটি নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্থ হয়ে ওঠে। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য শিশুদের সঙ্গে মিশে সে একটি সর্বজনীন মূল্যবোধ আত্মস্থ করে।

ওপরের আলোচনা থেকে এটিই প্রতীয়মান হয় যে সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অসামান্য।

মোহাম্মদ হেদায়েত উল্যাহ

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম