বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিছু লোক বাস করে, যারা বংশপরস্পরায় মাটি দিয়ে হাঁড়ি-পাতিল তৈরি করে। তারা তা বিক্রি করে জীবন ধারণ করে। তাদের বাড়ি-ঘর, থাকা-খাওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিন্নতা লক্ষণীয়। তাদের নিজেদের মধ্যে সংহতিও বেশি।
প্রশ্ন
ক. প্রথা কী?
খ. প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়টিকে নির্দেশ করা হয়েছে?
ঘ. ‘নির্দেশিত বিষয়টি সমাজ থেকে আলাদা’—কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: ক. প্রথা হলো সমাজ স্বীকৃত আচরণবিধি। সমাজে প্রতিষ্ঠিত ও প্রচলিত আচার-আচরণ ও কার্যাবলি। অর্থাৎ মানুষ সমাজের যেসব আচার-অনুষ্ঠান ও নিয়ম-নীতি মেনে চলে, তা-ই প্রথা।
উত্তর: খ. সহজ কথায় প্রতিষ্ঠান হলো নিয়ম-নীতিমালার সমষ্টি। মানুষের প্রয়োজনে মানুষ যেসব নিয়ম-নীতিমালা, আচার-বিশ্বাসের সৃষ্টি করেছে, তার প্রাতিষ্ঠানিক রূপই প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানী বার্নস বলেন, যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত, সেটাই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ভিত্তিতে সামাজিক সংগঠন গড়ে ওঠে। যেমন বিবাহের ভিত্তিতে পরিবার গড়ে ওঠে।
উত্তর: গ. উদ্দীপকে সম্প্রদায় প্রত্যয়টিকে নির্দেশ করা হয়েছে।
সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝানো হয়, যারা একটি নির্দিষ্ট এলাকায় বাস করে এবং তাদের মধ্যে সাম্প্রদায়গত মানসিকতা রয়েছে। একই সাথে তাদের পেশা ও জীবনযাপন-পদ্ধতির মধ্যে মিল লক্ষণীয়। যেমন বেদে সম্প্রদায়, কুমোর সম্প্রদায়, হরিজন সম্প্রদায় ইত্যাদি। একইভাবে আমরা গ্রামীণ ও শহরের মানুষদের গ্রামীণ সম্প্রদায় ও শহুরে সম্প্রদায় হিসেবে বলতে পারি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সম্প্রদায়কে এমন একটি জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেন, যারা একটি নির্দিষ্ট এলাকায় বাস করে এবং যারা একই ধরনের জীবনযাত্রা নির্বাহ করে। সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি দৃঢ়। সম্প্রদায়ের ভিত্তি হলো এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা।
উদ্দীপকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যেসব মানুষের কথা বলা হয়েছে, তারা একদিকে যেমন একটি নির্দিষ্ট এলাকায় বাস করে, অন্যদিকে তাদের মধ্যে সম্প্রদায়গত মানসিকতাও বিদ্যমান। এদের সবার পেশা ও জীবনযাপন-পদ্ধতির মধ্যে মিল রয়েছে। রয়েছে দৃঢ় সামাজিক সংহতিও। তাই এদের সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা যায়।
উত্তর: ঘ. সমাজ বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝায়, যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান-প্রদান হয়েছে এবং যাদের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। একই সাথে অধিক সময় ধরে তাদের এ সম্পর্ক টিকে থাকে। অন্যদিকে সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝানো হয়, যারা একটি নির্দিষ্ট এলাকায় বাস করে এবং তাদের মধ্যে সাম্প্রদায়গত মানসিকতা রয়েছে। একই সাথে তাদের পেশা ও জীবনযাপন-পদ্ধতির মধ্যে মিল লক্ষণীয়।
সমাজ ও সম্প্রদায়ের মধ্যে বৈসাদৃশ্যের তুলনায় সাদৃশ্যই বেশি। অনেক ক্ষেত্রে দুটাকে একই অর্থে ব্যবহার করা হয়। তবুও কিছু বৈসাদৃশ্যও রয়েছে। যেমন:
১। সমাজের ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা অন্যদিকে সম্প্রদায়ের ভিত্তি হলো এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা। সম্প্রদায়ের এ দুটি ভিত্তি বা বৈশিষ্ট্য সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
২। সমাজে সংহতি ও সহযোগিতার পাশাপাশি দ্বন্দ্ব-সংঘাত এবং প্রতিযোগিতাও বিদ্যমান। কিন্তু সম্প্রদায়ে দ্বন্দ্ব-সংঘাত এবং প্রতিযোগিতা খুব কম দেখা যায়।
৩। সমাজে ধর্ম, বর্ণ, পেশা প্রভৃতির বৈচিত্র্য দেখা গেলেও সম্প্রদায়ে তা দেখা যায় না। সম্প্রদায়ে সাধারণত এসবের মিল থাকে।
৪। সমাজের তুলনায় সম্প্রদায়ে অধিক সংহতি বিদ্যমান। সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আমরা অনুভূতি ক্রিয়াশীল হলেও সমাজে তা দেখা যায় না।
৫। সম্প্রদায়ের তুলনায় সমাজ অপেক্ষাকৃত বৃহৎ অর্থে ব্যবহূত হয়। একই সাথে সমাজ ক্ষুদ্র ও বৃহৎ অর্থে ব্যবহূত হয়। অন্যদিকে সম্প্রদায় দুই অর্থে ব্যবহূত হয় না। বরং ক্ষুদ্র অর্থে ব্যবহূত হয়।
ওপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে সম্প্রদায় প্রত্যয়টি সমাজ থেকে আলাদা।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম