সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শালবন বিহার, কুমিল্লা
শালবন বিহার, কুমিল্লা

অধ্যায়-৩ 
প্রিয়শিক্ষার্থী আজ সমাজবিজ্ঞানের ২য় পত্রের একটি সৃজনশীলপ্রশ্নোত্তর দেওয়া হলো।
সালমার দাদা ব্রিটিশ আমলে সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তিনি ছোটবেলায় সালমাকে গল্প শোনাতেন। একদিন বললেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশের মধ্যাঞ্চলে জাপানি বাহিনীর সাথে তাঁদের প্রচণ্ড যুদ্ধ হয়েছে। তখন তাঁরা দীর্ঘদিন আত্মরক্ষার্থে একটি প্রত্নতাত্ত্বিক বিহারে অবস্থান করেছিলেন।

প্রশ্ন: ক. শীলাদেবীর ঘাট কী?

খ. স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা কেন সামাজিক ইতিহাসের উপাদান? ব্যাখ্যা করো।
গ. সালমার দাদা কোন বিহারে অবস্থান করেছিলেন?
ঘ. উক্ত প্রত্নতাত্ত্বিক স্থানে এটিই একমাত্র বিহার নয়, প্রমাণ করো।

উত্তর: ক. কথিত আছে, রাজা পরশুরাম মুসলমানদের সাথে যুদ্ধে পরাজিত হলে তার কন্যা শীলাদেবী বন্দি হয়। পরে শীলাদেবী মুসলমান দরবেশকে হত্যা করে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যে স্থানে শীলাদেবী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, সেটাই শীলাদেবীর ঘাট নামে পরিচিত।

উত্তর: খ. স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা আর্থসামাজিক এবং ধর্মীয় সাংস্কৃতিক পরিচয় বহন করে। একই সাথে স্থাপত্য শিল্পের মান অনুধাবনে সাহায্য করে। সমাজ, সভ্যতা ও ইতিহাসের উৎস উপাদান খুঁজতে এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত প্রাচীন মঠ, মন্দির, মসজিদ ও স্মৃতিস্তম্ভ তৎকালীন সমাজ ও সভ্যতা সম্পর্কে জানতে বিশেষ ভূমিকা রাখছে। তাই বাংলাদেশসহ যেকোনো সমাজে স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা সামাজিক ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান।

উত্তর: গ. সালমার দাদা যে প্রাসাদটিতে অবস্থান করেছেন, তা হলো আনন্দ বিহার।
ময়নামতিতে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তার মধ্যে আনন্দ বিহারই সর্ববৃহৎ। স্থানীয়ভাবে সবাই একে আনন্দ রাজার বাড়ি বলে জানে। মনে করা হয় অষ্টম শতকের দেববংশীয় রাজা আনন্দ দেব এই বিহার নির্মাণ করেন। বর্তমানে বিহারের প্রাচীরের চিহ্ন ছাড়া অবশিষ্ট কিছু নেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা এখানে অবস্থান করেছে এবং এ সময় বিহারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিহারটি তৎকালীন বৌদ্ধ সভ্যতার পরিচয় বহন করে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, বিহারটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে কুমিল্লার ময়নামতিই দেশের মধ্যাঞ্চলে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনন্দ বিহারেই ব্রিটিশ সেনারা অবস্থান করেছে। তাই নিঃসন্দেহে উদ্দীপকে আনন্দ বিহারকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর: ঘ. ময়নামতিতে আনন্দ বিহারই একমাত্র বিহার নয়। এখানে শালবন বিহার নামে আরও একটি বিহার রয়েছে।
কুমিল্লা শহর থেকে ছয় মাইল পশ্চিমে ময়নামতিতে এ শালবন বিহার অবস্থিত। অষ্টম শতকে দেববংশীয় রাজা ভবদেব এই বিহার নির্মাণ করেছেন। তাঁর নামানুসারে প্রথমে এ বিহারের নাম ছিল ভবদেব বিহার। পরে শালবনপুর নামের একটি গ্রামের নাম অনুসারে এর নাম হয় শালবন বিহার। বস্তুত এটা একটা বৌদ্ধবিহার, যার আয়তন ৫৫০ ফুট × ৫৫০ ফুট। বিরাট আয়তনের এই বিহারটির আশপাশে বিভিন্ন প্রজাতির গাছপালা বেষ্টিত। এখানে ভিক্ষুদের থাকার জন্য ১১৫টি কক্ষ ছিল। কক্ষগুলোর আয়তন ১২ ফুট × ১২ ফুট। কক্ষগুলোতে দেব-দেবীর মূর্তি, প্রদীপ ও লেখাপড়ার জিনিস রাখা হতো বলে মনে করা হয়। বিহারের অভ্যন্তরে কেন্দ্রীয় মন্দির রয়েছে। মন্দিরটি ক্রুশ আকারের এবং ইটের তৈরি। এই ধর্মীয় মন্দিরটির চারদিকে প্রশস্ত রাস্তা রয়েছে।
আনন্দ বিহার ও শালবন বিহার ছাড়াও ময়নামতিতে কোটিলা মুড়া, চারপত্র মুড়া নামের নিদর্শনও রয়েছে। তাই ময়নামতিতে আনন্দ বিহারই একমাত্র বিহার নয়।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম