
ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ১৫তম সমাবর্তন ৭ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে স্নাতক পর্যায়ে এক হাজার ২৪৬ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ৭০৯ জনসহ মোট এক হাজার ৯৫৫ জন শিক্ষার্থী সনদ লাভ করেন।
শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন শিক্ষাজীবনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। তাঁরা হলেন স্নাতক পর্যায়ে তানজীনা আহমেদ চৌধুরী ও নাজিয়া সুলতানা এবং স্নাতকোত্তর পর্যায়ে শম্পা সাদিয়া, সায়েমা সুলতানা ও আহমেদ মুফাচ্ছির।
১৫তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
রাষ্ট্রপতির অনুমতিক্রমে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। সমাবর্তনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইইউবির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী, আইইউবির প্রতিষ্ঠাতা-ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান ও রেজিস্ট্রার তানভীর এ খান।
সমাবর্তনের শুরুতে সদ্য প্রয়াত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। —হাসান সাইমুম ওয়াহাব