সমুদ্রে ভাসমান অবস্থায় কত দিন টিকে থাকা যায়?

চারদিকে অথৈ নীল জলরাশি। কিন্তু খাওয়ার পানি এক ফোঁটাও নেই। এ রকম সাগরে ভাসমান জীবন যথেষ্ট ভীতিকর। কিন্তু তার পরও এভাবে এক বছরের বেশি সময় বেঁচে থাকা সম্ভব বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
বছরব্যাপী যাত্রা
হোসে আলভারেনগা নামের এক জেলেকে মার্শাল আইল্যান্ডসে ২৪ ফুট লম্বা একটি নৌযান থেকে গত ৩ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়। তিনি মেক্সিকো থেকে ২০১২ সালের শেষ নাগাদ ওই যাত্রা শুরু করেছিলেন। এ সময় তিনি উন্মুক্ত সমুদ্রপথে পাড়ি দেন প্রায় আট হাজার ৪৬ কিলোমিটার। তাঁর ভাষ্য, হাতে শিকার করা মাছ, পাখি ও কচ্ছপের মাংস খেয়ে জীবন ধারণ করেছেন তিনি। বৃষ্টির পানি জমিয়ে রেখে পান করতেন। তাঁর সঙ্গী একঘেয়ে খাবার সহ্য করতে না পেরে অনাহারে মারা যান যাত্রা শুরুর চার মাসের মধ্যেই।
আলভারেনগারকে নিয়ে গবেষণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অধ্যাপক ক্লদ পিয়ানন্তাদোসি।
সাগরে ভাসমান জীবনে যা যা প্রয়োজন
বিশুদ্ধ পানির সরবরাহ, ভেসে থাকার সামর্থ্য, সূর্যালোক থেকে আড়াল, খাবারের মজুত, সংকেত পাঠানোর যন্ত্র প্রভৃতি।
খাবার ছাড়া কত দিন?
এমনিতে কেবল পানি পান করে মানুষ কোনো খাবার ছাড়াই ছয় সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকার দৃষ্টান্ত রেখেছে।
বিশুদ্ধ পানি যদি না থাকে
সূর্যালোক এড়িয়ে ছায়ায় অবস্থান করলেও একজন মানুষের প্রতিদিন দেড় থেকে দুই লিটার পানি পান করা প্রয়োজন। পাখি ও কচ্ছপের রক্তে ৭০ শতাংশ পানি থাকে। তবে এতে লবণের পরিমাণ মানুষের রক্তরসের চেয়ে বেশি নয়। সামুদ্রিক মাছও লবণাক্ত বলে পানির উৎস হিসেবে গ্রহণযোগ্য নয়। আর নিজের প্রস্রাব পান করা অনুচিত। কারণ, এতে কিডনির ত্যাগ করা লবণ আবার শরীরে প্রবেশ করে।
কাঁচা মাংস খাওয়া কি ঝুঁকিপূর্ণ?
সমুদ্রের গভীরে অধিকাংশ কচ্ছপসহ পাখির মাংস ও মাছ রান্না না করেই খাওয়া যেতে পারে। সামুদ্রিক মাছে বিষাক্ত উপাদান নেই বললেই চলে। তবে অঞ্চলভেদে কিছু ব্যতিক্রম থাকতে পারে।
কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে?
উন্মুক্ত সাগরে তাপমাত্রা ও তেজস্ক্রিয়তার প্রভাবে শরীরে পানিশূন্যতা, ত্বক ও চোখের কর্নিয়া পুড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ ছাড়া কয়েকটি ভিটামিনের ঘাটতির কারণে মানসিক বিপর্যয় ঘটতে পারে।
সমস্যা থেকে উত্তরণে কত সময় লাগে?
এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। কেউ এক দিনেই স্বাভাবিক হয়ে ওঠেন, আবার কারও দীর্ঘ সময় লাগে। অনাহারের ব্যাপারটি বেশি কঠিন। কারণ, এতে দীর্ঘস্থায়ী আন্ত্রিক জটিলতা দেখা দিতে পারে।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক

