সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল রোববার রাজশাহীর বাঘা উপজেলায় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়েছে।গতকাল বাঘা ছাড়া কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও দিনাজপুরের পার্বতীপুরে ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া, ভেন্যু-প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাঘা: বাঘা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। উৎসবের উদ্বোধন করেন বাঘা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার বন্ধু সজীব মিঞা।অনুষ্ঠানে গ্রামীণফোনের রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. জহিরুল আলম বলেন, ইন্টারনেটের অপার সম্ভাবনা চারিদিকে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য। এর মাধ্যমে একটি ইন্টারনেট প্রজন্ম তৈরি হবে। তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।ইন্টারনেট-সেবা গ্রামীণ পর্যায়ে নিয়ে আসার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বাঘা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান। একই সঙ্গে এই ইন্টারনেট আন্দোলনের কথা পত্রিকার মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম আলোকেও ধন্যবাদ জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ এবং জোতরাঘব উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহিবুর রহমান।অনুষ্ঠানে গেমস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহদৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও জোতরাঘব কারিগরি কলেজের প্রভাষক পারুল রানী ঘোষ।বাঘায় আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মীর রাসেল।ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী মীর রাসেল বলল, ‘খুব ভালো লাগছে। আজকের এই উৎসব যেন আমার চোখ খুলে দিয়েছে।’আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দিঘা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিপন মাহমুদ বলল, ‘ইন্টারনেট উৎসবে এসে নতুন অনেক বিষয় জানতে পারলাম।’কুষ্টিয়া: কুষ্টিয়া জিলা স্কুল মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক। পরে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসবে শপথবাক্য পাঠ করান কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভারাণী পাঠক।অনুষ্ঠানে জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, যেখানে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি থাকে, সেখানে মাদক থাকতে পারে না। ইন্টারনেটের মাধ্যমে নতুন প্রজন্ম দেশকে আলোর দিকে নিয়ে যাবে।পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথম আলো ও গ্রামীণফোনের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা আরও একধাপ এগিয়ে গেল।’কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভারাণী পাঠক বলেন, ‘শিক্ষার্থীরা আজ যে জ্ঞান অর্জন করল, তা তাদের ভবিষ্যতে শিক্ষা গ্রহণে সহায়ক হবে।’ কুষ্টিয়া জিলা স্কুলে উৎসবের আয়োজন করায় তিনি গ্রামীণফোন ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।গ্রামীণফোনের কুষ্টিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বটাকে মুঠোর মধ্যে পাওয়া সম্ভব।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান।কুষ্টিয়ায় আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে কুষ্টিয়া জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. শাকিল আনোয়ার।উৎসবে কুষ্টিয়া শহরের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। এ সময় নবীনগর বন্ধুসভার সদস্য ও ছায়ানটের প্রাক্তন ছাত্র আজিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান বন্ধুসভার সদস্য দীপ সরকার।বিবর্ধন রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম, প্রথম আলোর ব্র্যান্ড ও ইভেন্ট ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক মঞ্জুরুল করিম খান ও প্রথম আলোর নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ।অধ্যক্ষ মো. হাবিবুর রহমান উৎসবের উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, ‘এটি সময়োপযোগী উৎসব। কারণ, আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছুই এখন ইন্টারনেট-নির্ভর হয়ে পড়ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অবশ্যই ইন্টারনেট সম্পর্কে জানতে হবে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে মানুষ ঘরে বসে গোটা বিশ্বকে দেখার সুযোগ পেয়েছে।’প্রথম আলোর ব্র্যান্ড ও ইভেন্ট ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ বলেন, ‘প্রথম আলো তার জন্মলগ্ন থেকেই সব ভালো কাজের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’উৎসবে উপজেলার ১৪টি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের দুই হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাইমুল হক।পার্বতীপুর: পার্বতীপুরের আদর্শ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার। এ সময় কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।অনুষ্ঠানের শুরুতে শপথবাক্য পাঠ করান পার্বতীপুর বন্ধুসভার উপদেষ্টা মো. শহিদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, গ্রামীণফোনের কর্মকর্তা নূরন্নবী সরকার ও প্রথম আলোর পার্বতীপুর প্রতিনিধি আতাউর রহমান। উৎসবে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সদস্য হাসান ইমাম সোহাগ।পার্বতীপুরের আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র লাইলাতুল আসিফ।