সম্পর্কের ভাঙনে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতে কোনো যুগলের সম্পর্ক ভেঙে গেলে একগাদা ছবি, সিডি ও অন্যান্য স্মারক ধ্বংস করে দিলেই ঝামেলা মোটামুটি চুকে যেত। কিন্তু অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির ব্যাপক প্রভাবের কারণে বর্তমান যুগে কোনো সম্পর্ক পুরোপুরি বর্জন করা কঠিন হয়ে পড়েছে।যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে ব্যক্তির পুরোনো সম্পর্কের ব্যাপারটি বিভিন্নভাবে ফিরে আসে। এতে প্রায়ই অনেকে বিব্রতকর অবস্থায় পড়েন।এ ব্যাপারে গবেষকেরা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘সিএইচআই ২০১৩’ সম্মেলনে ‘ডিজাইন ফর ফরগেটিং: ডিসপোজিং অব ডিজিটাল পজেশনস আফটার আ ব্রেকআপ’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক স্টিভ হুইট্যাকার এবং যুক্তরাজ্যের ল্যাংক্যাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককোরিনা স্যাস ওই গবেষণা পরিচালনা করেন। সম্পর্কের সময়সীমা নিয়ে ১৯ থেকে ৩৪ বছর বয়সী ২৪ জন ব্যক্তির মতামত নেওয়া হয়। তাঁরা কর্মক্ষেত্র ও অবসরে প্রত্যেকেই বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন। ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন স্মারক বা চিহ্নের বিপুল সংগ্রহ রয়েছে তাঁদের ফেসবুক ও অন্যান্য মাধ্যমে। ২৪ জনের অর্ধেকেই নিজেদের সাবেক প্রেমিক বা প্রেমিকার ছবি মুছে ফেলতে (ডিলিট) অনিচ্ছুক। তবে একজন বলেন, তিনি ফোন ও কম্পিউটার থেকে পুরোনো সম্পর্কের স্মৃতি-সংবলিত সব জঞ্জাল ঝেড়ে ফেলেছেন। কারণ, এসব সংগ্রহ সময়ে-অসময়ে কেবল দুঃখের অনুভূতিই জাগাবে, সুখের নয়।গবেষণায় অংশগ্রহণকারীদের কয়েকজন বলেন, ফেসবুকে সাবেক প্রিয়জনকে নতুন সঙ্গী বা সঙ্গিনীসহ কখনো কখনো দেখতে হয়। এতে তাঁদের পুরোনো ক্ষতের যন্ত্রণার পাশাপাশি ঈর্ষাও জেগে ওঠে। ব্যাপারটি রীতিমতো বিব্রতকর। কারণ, মনে হাজারো প্রশ্ন জাগলেও কিছুই জিজ্ঞেস করার উপায় থাকে না। তা ছাড়া, সাবেক সেই সঙ্গী বা সঙ্গিনীর বন্ধুদের সঙ্গে ফেসবুক-সম্পর্ক রাখা না-রাখা নিয়েও সমস্যা দেখা দেয়। কারণ, তাঁদের অনেকেই খুব ভালো বন্ধু। কিন্তু তাঁদের মাধ্যমে আবার অতীত সম্পর্কের ঝঞ্ঝাট ফিরে আসার ঝুঁকিও থাকে।গবেষকেরা জানান, আধুনিক সম্পর্ক ও ভাঙনের ব্যাপারটি নিয়ে তাঁরা আরও বিস্তারিত গবেষণা চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদকারী ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হবে। সিবিএস নিউজ।