সম্প্রসারিত হচ্ছে আমাদের গ্রামের ই-হেলথ গবেষণা
আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের ই-হেলথ গবেষণা কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। স্তন ক্যানসার নিরূপণে মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিক ডায়াগনস্টিক এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার ঢাকায় এক হোটেলে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।আলোচনা সভা পরিচালনা করেন আমাদের গ্রামের ই-হেলথ গবেষণার পরামর্শক ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অফিরা গিনসবার্গ। তিনি জানান, ই-হেলথ গবেষণা প্রকল্পটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জনস্বাস্থ্য ও অনকোলজি পাঠক্রম তৈরি করবে। পাশাপাশি ই-হেলথ গবেষণা কাজেও সহযোগিতা করবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের ডিন টিমোথি ইভানস বলেন, বাংলাদেশের গ্রামপর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবায় আমাদের গ্রাম যে চেষ্টা করে যাচ্ছে তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সভায় উপস্থিত ছিলেন ওহাইও স্টে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড লাভ, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম ও পরামর্শক শাহনাজ চৌধুরী।সামাজিক জাগরণের মাধ্যম হিসেবে ক্যানসার রোগীদের জন্য মোবাইল ফোন কী কী কাজে ব্যবহার করা যায় এবং বিশেষ প্রোগ্রাম ব্যবহার করে স্তন ক্যানসার রোগীদের কীভাবে উদ্বুদ্ধ করা যায় সে ব্যাপারে গবেষণা করা হবে ই-হেলথ কর্মসূচিতে। সভায় জানানো হয়ং কম্পিউটার ও মোবাইল ফোনের মধ্যে সমন্বয় করে আমাদের গ্রামের নিজস্ব ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক