সম্ভাবনাময় উদ্যোগের তালিকায় ডক্টরোলা

প্রায় দেড় বছরের পুরোনো বাংলাদেশি স্টার্ট-আপ বা উদ্যোগ ডক্টোরোলা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে ডক্টোরোলার কথা বলা হয়েছে। যেসব স্বল্পপরিচিত বর্তমান উদ্যোগ ভবিষ্যতে সম্ভাবনার পথ দেখাতে পারে, এমন আটটি উদ্যোগ ওই প্রতিবেদনে জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ডিএনএ প্রোফাইল তৈরির উদ্যোগ অ্যাথলেটিজেন, অ্যাপ ব্যবহার সহজ করার উদ্যোগ লজি, ডিজিটাল পণ্যবাজার হটমার্ট, জেনেটিকস উদ্যোগ ক্যালিকো, নিত্যপ্রয়োজনীয় খাদ্য পৌঁছানোর উদ্যোগ ফোরেজার, ভার্চ্যুয়াল রিয়্যালিটি ম্যাজিক লিপ ও সহজ অ্যাপ পরিচালনার উদ্যোগ এক্সপেন্সিফাই। ডক্টরোলা সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল উপায়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যম ডক্টরোলা। দেড় বছরের মাথায় প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়েছে। বিশ্বজুড়ে বেড়ে চলছে মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা। আর এ ক্ষেত্রে গ্রাহকদের কাছে আরও সহজভাবে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে ডক্টরোলা।