সম্ভাবনাময় নতুন উদ্যোগ ও উদ্যোক্তাদের জন্য পুরস্কার
তথ্যপ্রযুক্তি খাতের নবীন উদ্যোক্তাদের সম্মাননা জানাতে এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় ডেমো ডে’ এবং ‘বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭’। আয়োজক ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বেটার স্টোরিজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘প্রযুক্তির আসন্ন গন্তব্যস্থল হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার।
জাতীয় ডেমো ডেতে তিনটি নতুন উদ্যোগ (স্টার্টআপ) প্রকল্প উপস্থাপনের সুযোগ পায়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘হান্ডিমামা’ নামের উদ্যোগ। প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে ‘সেবা’ ও ‘জলপাই’।
অন্যদিকে বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ডে জাতীয় বিভাগে সেরা উদ্যোক্তা হয়েছে ‘সেবা’ আর নারী বিভাগে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে ‘বার্ড অব প্যারাডাইস’। দেশের আটটি বিভাগ থেকে আটটি সেরা উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিভাগে ‘বিডিট্যাক্স ডটকম’, চট্টগ্রাম বিভাগে ‘রেপটো’, সিলেট বিভাগে ‘জার্নি মেকার্স জবস ডটকম’, খুলনা বিভাগে ‘আইএমটিমবিডি ডটকম’, রাজশাহী বিভাগে ‘জেবিডি আইটি’, বরিশাল বিভাগে ‘বিউটিফুল বরিশাল’, রংপুর বিভাগে ‘স্যোশিয়ান’ ও ময়মনসিংহ বিভাগে ‘আনন্দ মাল্টিমিডিয়া’ সেরা উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে। ১০টি উদ্যোগের প্রতিটিকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান