সম্ভাবনার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ হলো যানজট। এর জন্য দরকার পর্যাপ্ত ইতিবাচক মানসিকতা। চলুন, জেনে নেওয়া যাক যানজট কাজে লাগিয়ে কী করে বিশাল বিশাল সম্ভাবনার দুয়ারগুলো পটাপট খুলে ফেলা যায়।

সম্ভাবনা ১
মানুষের বিপদ এখন দুটি—এক. স্মার্টফোনে চার্জ না থাকা আর দুই. চার্জ থাকলেও ইন্টারনেট না থাকা। তাই যানজটে মুঠোফোনে চার্জ দেওয়ার ব্যবসা শুরু করলে পকেটে টাকা রাখার জায়গা থাকবে না।
একটা মোবাইল ফোন চার্জ করতেই ১০০ টাকা! এইটা কি মগের মুল্লুক পাইছ?
আপনি আমারে চার্জ করতাছেন ক্যান! আমারে চার্জ না কইরা পারলে আপনার মোবাইল ফোনরে চার্জ করেন!

সম্ভাবনা ২
যানবাহনে সুঁই, সুতা ও কাপড় সঙ্গে রাখলে সহজেই নকশিকাঁথা সেলাই করতে পারবেন। উলের সোয়েটারও বোনা যায়। এতে দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পাশাপাশি পুনরুজ্জীবিত হবে আমাদের কুটিরশিল্প।
দাদি মা, আমি শহুরে কবি নোসিমউদ্দীন, এটা আমার লেখা বই নকশিকাঁথার বাস!
বাহ্, ভালো তো! বাসে বইসা নকশিকাঁথা সেলাইয়ের উপায় নিয়া লেখছেন?

সম্ভাবনা ৩
যানবাহনে বিউটি ও অ্যাডামস পারলারের ব্যবসা চালু করা হলে কেউই ঘরে বসে সময় নষ্ট করবে না। এতে দেশ ও জাতির সময়ের অপচয় অনেকখানি হ্রাস পাবে।
চুল এত ছোট করলেন ক্যান! ভার্সিটিতে গেলে তো প্রেস্টিজ শেষ!
চিন্তা নিয়েন না, বস! ভার্সিটি যাইতে যাইতে চুল দুই ইঞ্চি বাইরা যাইব!

সম্ভাবনা ৪
যানজটে বাসের ভেতরে বসে বিশেষ ‘জ্যাম’ প্রস্তুত করা যেতে পারে। ‘যানজট জ্যাম’ নামের ওই বিশেষ খাবারটি বাসের যাত্রীদের মধ্যে বিক্রি করতে বেগ পেতে হবে না।
গত পরশু যে জ্যামটা দিলেন, ওটা এত বাজে ছিল কেন?
যানজট বেশি দূর ছিল না বইলা শর্টকাট মারছিলাম, স্যার! তাই মনে হয় বেশি মজা হয় নাই!

সম্ভাবনা ৫
নির্বিঘ্নে ঘুমাতে ঘুমাতে যানজটের সময় পার করতে কানে তুলা থাকা আবশ্যক। আর এটাই হতে পারে ব্যবসা! তবে তুলা সরবরাহের পর দাম না দিয়ে কানে তুলা গুঁজে ঘুমিয়ে পড়লে রিস্ক সম্পূর্ণ বিক্রেতার।
তুলা তো মনে হয় দুই নম্বর! সবকিছুই স্পষ্ট শোনা যাচ্ছে! এত দাম চাও কেন?
এর থেইকা ভালো তুলা বাজারে নাই। টাকা দেন, চইলা যাই।
অ্যাঁ, কী বললে? কিছুই তো শুনি না! আরও জোরে বলো!

সুতরাং যানজট অবশ্যই একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা খুবই জরুরি। পর্যাপ্ত উন্নয়নের জন্য সরকারকে পর্যাপ্ত যানজটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আরও ভালোভাবে। সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে যানজট বৃদ্ধিতে।