সম্মানিত হলেন ইন্টারনেটের প্রবর্তকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বে দ্রুত যোগযোগব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তির বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। আর এবার এ ইন্টারনেটের প্রবর্তকেরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন রানি এলিজাবেথ প্রৌকশল পুরস্কার। ‘কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং (কিউইপ্রাইজ)’ শীর্ষক এ পুরস্কার সম্প্রতি প্রথমবারের মতো দেওয়া হয়। আর শুরুতে এ পুরস্কার পেলেন ইন্টারনেট প্রবর্তকদের মধ্যে অন্যতম স্যার টিম বার্নার্স লি, রবার্ট কান, ভিনসেন্ট সার্ফ, লুই পুজিন ও মার্ক অ্যান্ড্রেসেন। বিজয়ীরা প্রত্যেকে ১০ লাখ পাউন্ড মূল্যমানের পুরস্কার পাবেন। এ পুরস্কারটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডনের রয়্যাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং থেকে ঘোষণা করা হয়। পুরস্কার বিষয়ে তৈরি ট্রাস্টের দায়িত্বে আছেন ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) সাবেক প্রধান নির্বাহী লর্ড ব্রাউন। ইন্টারনেট উদ্ভাবনের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় নাম স্যার টিম বার্নার্স লি। আশির দশকে যাঁর নেতৃত্বে একটি দল উদ্ভাবন করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ)। পুরস্কার প্রাপ্তিতে খুশি হয়ে তিনি জানালেন, ‘আন্তর্জাতিক মৈত্রীকেই স্বীকৃতি দিল এ পুরস্কার।’ পুরস্কারের বিষয়ে বলা হয়, এবারের পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিদের কাজে শুধু যোগাযোগব্যবস্থাই নয়, বরং বদলে গেছে সারা বিশ্ব। এর ফলে নতুন ধারার শিল্পেরও বিকাশ ঘটেছে। তাঁরা তাঁদের কাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। তাঁদের এ উদার মানসিকতার কারণেই ইন্টারনেট আজ সারা বিশ্বে এত জনপ্রিয়।টিম বার্নার্স লির পাশাপাশি পুরস্কার বিজয়ী রবার্ট কান ও ভিনসেন্ট সার্ফ টিসিপি বা আইপি পদ্ধতি বিভিন্ন যন্ত্রে এবং ইন্টারনেটে তথ্যপ্রবাহ নিশ্চিত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ ছাড়া তথ্য কীভাবে সঠিক ঠিকানায় যাবে, সে বিষয়টি আবিষ্কার করেছেন লুই পুজিন। এ ছাড়া ওয়েবসাইট দেখার প্রথম সফটওয়্যার (ব্রাউজার) মোজাইক তৈরি করে পুরস্কার জিতেছেন মার্ক অ্যান্ড্রেসেন। —কুইন এলিজাবেথ প্রাইজ ডট অর্গ ও এমএনএন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী