সম্মানের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় ভালো জামাকাপড় পরে যাই। নইলে অনেকে আবার আমাকে গেঁয়ো ভূতের মতো শহুরে ভূত ভাববে! কিন্তু বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ঘটে উল্টোটা। কারণ, ঢাকায় এত মানুষের ভিড়ে কে আমার কাপড়চোপড় দেখতে যাবে! সেবার যথারীতি বাড়ি থেকে ঢাকায় যাওয়ার সময় খুব সাদাসিধে জামাকাপড় পরে বাসে উঠেছি। গায়ে একটা রংচটা জামা আর এক বড় ভাই-প্রদত্ত ঢিলেঢালা প্যান্ট, যেটার মধ্যে আমার মতো আরও দুজনের পা সহজেই এঁটে যেত!
বাস চলতে শুরু করল। সেবার ঈদে ফিরতি পথে বগুড়ায় কী কারণে যেন যানজট বেধে গেল।
যানজটে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে কোমরে ব্যথা হয়। তাই ব্যথা কমানোর জন্য সবাই বাস থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি। আমিও নেমে একটু হাঁটছিলাম। এদিক-সেদিক ঘুরছি, বাস দেখছি, মানুষ দেখছি। হঠাৎ রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটা বাসের দিকে চোখ আটকে গেল। বাসটি ছিল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের। সহজেই বোঝা যাচ্ছিল স্কুলের মেয়েরা কোথাও পিকনিকে গিয়েছিল। এখন তাদের খাবারের বিরতি চলছে। দেখতে বেশ লাগছিল। স্কুলের দিনগুলোর কথা মনে পড়ছিল ওদের দেখে। মেয়েরা ছোটোছুটি করছে, খাচ্ছে। এভাবে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম হয়তো। এর মধ্যেই খেয়াল করলাম, ওই বাসে বসে থাকা এক মেয়ে আমাকে হাত ইশারা করে ডাকছে। আমি বোকার মতো তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মেয়েটা হাতের অবশিষ্ট খাবার দেখিয়ে আবার ডাকতে লাগল! মুহূর্তেই আমার মাথায় শর্টসার্কিট হয়ে গেল! সর্বনাশ! আমার পোশাক-আশাক দেখেই হয়তো মেয়েটা ধরে নিয়েছে আমি ক্ষুধার্ত। নিজের মান-সম্মানের দেখি বারোটা বেজে গেছে! তাই তড়িঘড়ি করে বাসে উঠে পড়লাম! যানজট যদি একটা বস্তু হতো, তাহলে নির্ঘাত সেদিন আমার একটা লাথি খেয়ে সোজা হয়ে যেত! যানজট না বাধলে কি অমন বেকায়দায় পড়ি!