সময় গেলে সাধন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

ঘুম থেকে উঠে মোবাইল ফোনে চেয়ে দেখি, ৯টা ৪০ বাজে! মাত্র ২০ মিনিট আছে, অফিস যেতে হবে। এটা যতটা না চিন্তার বিষয়, তার চেয়ে বেশি চিন্তার বিষয় হলো বস ১১ বার ফোন দিয়েছিলেন। আর আমি কিনা ঘুমের ঘোরে অ্যালার্ম ভেবে তাঁর ফোন কেটে দিয়েছি! তা-ও আবার একবার-দুবার না, টানা ১১ বার! আজ যে কপালে কী আছে, ওপরওয়ালাই জানেন।
তড়িঘড়ি করে কোনো রকমে ফ্রেশ হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। একবার ডানে তাকাচ্ছি তো আরেকবার বাঁয়ে। একটা রিকশাও চোখে পড়ে না। এদিকে ঘড়ির কাঁটা যেন উসাইন বোল্ট। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর দেখি, একটা রিকশা এগিয়ে আসছে দুলকি চালে। জোরে একটা ডাক দিলাম। রিকশাওয়ালা একবার আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে আপন মনে রিকশা চালাতে লাগল। উপায় না দেখে দৌড়ে গেলাম রিকশার কাছে। উঠে পড়লাম লাফ দিয়ে। আমার লাফে রিকশাওয়ালা ভয় পেয়ে রিকশা থেকে নেমে হাতজোড় করে বলতে লাগল, ‘আমার যা আছে সব দিতাছি, স্যার! তবু কোনো ক্ষতি কইরেন না!’ ধমক দিয়ে বললাম, ‘ওই মিয়া, আমারে কি ডাকাত মনে হয়? তাড়াতাড়ি চলেন। অফিস আছে।’
আমার কথায় আশ্বস্ত হয়ে রিকশাওয়ালা বুকে একদলা থুতু ছিটিয়ে রিকশায় উঠে বসল।
কিছুদূর যেতেই আবার হঠাৎ করে জোরে ব্রেক কষল সে। মেজাজ গরম করে জানতে চাইলাম, ‘কী হলো, থামলে কেন?’ রিকশাওয়ালা একগাল হেসে বলল, ‘স্যার, একখান পান কিনুম। সকালে নাশতা কইরা এখনো মুখে পান পড়ে নাই। কেমন কেমন লাগতাছে! আপনি খাইবেন?’ আমি ‘না’ বলে বসে থাকলাম। রিকশাওয়ালা পান মুখে পুরে আবার রিকশা চালাতে শুরু করল। ভেবেছিলাম, পান খাওয়ায় এবার তার মন চাঙা হবে আর সে দ্বিগুণ গতিতে রিকশা চালাবে। কিন্তু সে যে আয়েশি ভঙিতে পান চিবুতে লাগল, আমার আর বুঝতে বাকি রইল না যে আজ অফিস শেষ হওয়ার পরেও অফিসে পৌঁছাতে আমার দেরি হয়ে যাবে!
অনেকক্ষণ এভাবে চলার পর ধমক দিয়ে তাগাদা দিতে বাধ্য হলাম আমি। রিকশাওয়ালা পানভরা মুখে মিষ্টি হেসে বলল, ‘স্যার, যাইতাছি তো। এত তাড়াহুড়া করলে চলে, বলেন? তাড়াহুড়া করতে গিয়া যদি অ্যাকসিডেন্ট কইরা বসি, তখন আপনার কী হইব, কন দেখি?’ আমার প্রতি তার এই দরদ দেখে মনে হলো, আমরা যেন কত দিনের পরিচিত! তার তাড়াহুড়াবিষয়ক লেকচার থামল মোবাইল ফোনের রিংটোনের শব্দে। বসের ফোন এসেছে ভেবে ব্যতিব্যস্ত হয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। কই, আমার ফোনে রিংটোন বাজছে না। তাহলে? সামনে তাকিয়ে দেখি, রিকশাওয়ালা বুকপকেট থেকে ফোন বের করে এক নজর দেখে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখল। ক্রমাগত রিংটোনের শব্দে বিরক্ত হয়ে বললাম, ‘ফোনটা ধরছ না কেন?’
পানের পিক রাস্তায় ফেলে সে উত্তর দিল, ‘স্যার, আজাইড়া ফোন। ধরলেই মনে করেন আধা ঘণ্টা খায়া দিব।’ আমি তার কর্তব্যনিষ্ঠায় কিঞ্চিৎ মুগ্ধ হয়ে বললাম, ‘ও, তাহলে ফোন না ধরে ভালোই করছ।’
বুকপকেট থেকে ক্রমাগত ফোনের রিংটোন বেজে চলেছে। রিকশাওয়ালা সেই রিংটোনের তালে তালে আয়েশি ভঙিতে রিকশা চালাচ্ছে। আমি আরেকটা ধমক দিতে যাব এমন সময় সে ব্রেক কষল।
: আবার কী হলো?
: স্যার, দাঁতে সুপারি আটকাইছে। একটু খাড়ান, খিলাল কইরা লই।
খিলাল করা শেষ করে সে আবার রিকশা চালানো শুরু করল। একে একে পথচারীরা আমাদের রিকশাটা অতিক্রম করে যাচ্ছে, আর রিকশাওয়ালা ডানে-বাঁয়ে মাথা দুলিয়ে রিকশা চালাচ্ছে। ঘড়ির দিকে তাকালাম। দেখি, আর মাত্র সাত মিনিট আছে। সর্বনাশ! রিকশাওয়ালাকে এবার ধমক দিতে গিয়ে দেখি, জ্যাম বেধে গেছে। রিকশা থেমে গেল। রিকশাওয়ালা ততক্ষণে বেসুরো গলায় গান ধরেছে, ‘সময় গেলে সাধন হবে না...।’