সরকার ডিজিটাল-বৈষম্য দূর করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যেভাবে দেশের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য কমিয়ে এনেছে, ঠিক সেভাবেই ডিজিটাল-বৈষম্য দূর করার জন্য কাজ করছে। দেশের সব শ্রেণীর মানুষের হাতে তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার জন্যও কাজ করছে বর্তমান সরকার। গতকাল সোমবার ঢাকার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১১-১২’ উদ্বোধনকালেপররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। তিনি আরও জানান, এখন তথ্যপ্রযুক্তি কেবল বিনোদন আর শিক্ষার উপকরণ হিসেবেই সীমাবদ্ধ নয়, জীবন ও জীবিকার মাধ্যম হিসেবেও ব্যবহার হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব-উল-ইসলাম জানান, বিসিএস কম্পিউটার সিটি দেশের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। এই বিশাল কম্পিউটার বাজার দেশে তথ্যপ্রযুক্তিকে সুলভ ও সহজলভ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আক্তারুজ্জামান মঞ্জুকে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য বিসিএস কম্পিউটার সিটির পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান ও মেলার আহ্বায়ক কাজী শামসুদ্দিন আহমেদ বক্তৃতা করেন। এই মেলায় অংশ নিচ্ছে প্রায় ১৬০টি প্রযুক্তি প্রতিষ্ঠান। মেলা চলাকালে বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি, ওয়াইম্যাক্স ইন্টারনেটের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির নানা দিক নিয়ে বিশেষ সেমিনার, আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় আরও থাকছে গুণীজন সংবর্ধনা এবং বিশিষ্ট অতিথিদের সম্মাননা প্রদান।শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেম প্রতিযোগিতা, ডিজিটাল ছবি প্রতিযোগিতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি রয়েছেমেলায়। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবন্ধী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারবে। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। —মোছাব্বের হোসেন