‘আমরা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম। তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ভূমি-ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ ও ই-গভর্নেন্স চালুর প্রক্রিয়া জোরদার করবে। গতকাল সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত বিসিএসআইসিটিওয়ার্ল্ড-২০১১ মেলার উদ্বোধনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। তিনি জানান, দেশের সফটওয়্যার-শিল্পের উন্নয়নের জন্য সরকার এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এখন আর পাসপোর্ট-ভিসার জন্য আবেদন, বিভিন্ন সরকারি সেবা ও স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য গ্রামের মানুষকে শহর কিংবা রাজধানীতে অর্থ ব্যয় করে ছুটতে হয় না। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ সচিবালয়ের ডিজিটালাইজেশন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পণ্য আমদানিতে শূন্য শুল্ক ও শূন্য মূসকের ব্যবস্থা এবং আউটসোর্সিং থেকে প্রাপ্ত আয় সহজে গ্রহণের জন্য দেশে পেপ্যাল-ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক বাংলালায়ন কমিউনিকেশন্সের চেয়ারম্যান আবদুল মান্নান, মেলার আহ্বায়ক কাজী আশরাফুল আলম বক্তব্য দেন। বিসিএসআইসিটিওয়ার্ল্ড-২০১১ উদ্বোধনের পর এ প্রদর্শনীর সমান্তরালে চলা ওয়েবে আইসিটিওয়ার্ল্ড মেলারও (www.bcsictworld.com.bd) উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এ সময়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয় বিভিন্ন বয়সের মানুষের পদচারণায়। নানা ধরনের তথ্যপ্রযুক্তির সর্বশেষ সংস্করণ এ মেলায় দেখানো হচ্ছে। তথ্যপ্রযুক্তির ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রায় ৫০ হাজার বর্গফুট আয়তনের স্থানজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে আছে ৭০টি স্টল ও ৩০টি প্যাভিলিয়ন। মেলা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। —নিজস্ব প্রতিবেদক