সরকারি কাজে জিমেইল, ইয়াহু নিষিদ্ধ হচ্ছে ভারতে

অনলাইনে নজরদারি ঠেকাতে ভারতের সরকার জিমেইল, ইয়াহু মেইল, হটমেইলের মতো সেবাগুলো সরকারি দাপ্তরিক কাজে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে।
চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ ভারতে সরকারি কাজে অফিশিয়াল যোগাযোগের ক্ষেত্রে জিমেইল, ইয়াহু ও হটমেইল ব্যবহার নিষিদ্ধ হতে পারে। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্যের সুরক্ষায় এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
অফিশিয়াল যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় সরকার দেশটির ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারের (এনআইসি) তৈরি নিজস্ব ইমেইল সার্ভিস ব্যবহার করবে। এক্ষেত্রে ভারতের ডিপার্টমেন্ট অব ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (ডিইআইটিওয়াই) সরকারি দপ্তরগুলোতে ইমেইল ব্যবহারের জন্য বিশেষ নীতিমালা তৈরি করছে।
এনআইসির মেইল ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা ছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য সহজে শেয়ার করার জন্য ক্লাউড সার্ভিস ব্যবহার করার পরিকল্পনা করছে ভারতীয় সরকার।
ডিইআইটিওয়াই-এর সচিব এস সত্যনারায়ণ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সরকার বুঝতে পেরেছে যে সরকারি গুরুত্বপূর্ণ তথ্যে অনাকাঙ্ক্ষিত নজরদারি বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ইমেইল সেবা ব্যবহার করায় নজরদারির ঝুঁকি বাড়ছে এবং নজরদারি করা হলে তা ধরা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
এর আগে চলতি বছরের জুন মাসে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি তথ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) নজরদারি করছে বলেই এ অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন। নিরাপত্তা কর্মকর্তাদের ইমেইলে গুরুত্বপূর্ণ ও স্পর্শকতার তথ্য নজরদারি ও তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে সারা বিশ্বে আলোচনার ঝড় ওঠে।
যুক্তরারে গোয়েন্দাদের গোপনে তথ্য সংগ্রহের তথ্য ফাঁস করেন এডওয়ার্ড স্নোডেন নামের সিআইএ-এর সাবেক এক কর্মী। ‘প্রিজম’ নামে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন একটি কর্মসূচীর কথা ফাঁস করেন তিনি। এ কর্মসূচীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সার্ভারে গোয়েন্দারা আড়ি পাতেন এবং তথ্য সংগ্রহ করেন।
৭ জুন ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকা গোয়েন্দাদের গোপন কর্মসূচী ফাঁস করে। প্রতিবেদনে বলা হয় গুগল, ইয়াহু, ফেসবুকসহ নয়টি প্রতিষ্ঠানের সার্ভার থেকে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়টি গোয়েন্দা প্রধান ও প্রতিষ্ঠানগুলো অস্বীকার করেছে। এ ঘটনায় এশিয়া অঞ্চলের দেশগুলোর কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা ও নজরদারিতে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
এশিয়া বাদে অন্যান্য দেশের কর্মকর্তারা ব্যক্তিগত কাজে কেবল ব্যক্তিগত মেইল ব্যবহার করেন কিন্তু এশিয়া অঞ্চলে এ চিত্র ভিন্ন। এশিয়ার কয়েকটি অঞ্চলে অফিশিয়ালভাবে যোগাযোগের প্রয়োজন হলেও ব্যক্তিগত মেইল ঠিকানা ব্যবহার করা হয়। বিভিন্ন দেশের মন্ত্রী ও অনেক মন্ত্রণালয়ের নিজস্ব ডোমেইন নেই আর যাদের আছে সেগুলো ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হয় না এবং মোবাইল থেকে পড়ার সুবিধাও নেই।
জাকার্তাভিত্তিক নিরাপত্তা পরামর্শক ও প্রযুক্তিবিদ মারেক বিয়ালোগ্লোয়ি জানান, এশিয়া অঞ্চলের দেশগুলোর সরকারি কর্মকর্তারা ইমেইল লেনদেনের জন্য জিমেইল বা ইয়াহু মেইল ব্যবহার করেন কারণ, তাদের অফিশিয়াল মেইল ঠিকানাগুলোতে বড় বা এনক্রিপটেড তথ্য পাঠানো যায় না। পাবলিক ইমেইল ব্যবহার করে স্পর্শকাতর তথ্য পাঠানো হলে পাসওয়ার্ড হ্যাক করে সহজেই তথ্য জানা সম্ভব হতে পারে। তবে সিঙ্গাপুর, জাপানের মতো দেশগুলো তথ্য পাঠানোর ক্ষেত্রে পাবলিক মেইল ঠিকানা ব্যবহারে কঠোর পদক্ষেপ নিয়েছে। জাপানে সরকারি কর্মকর্তাদের পাবলিক মেইল অ্যাড্রেস ব্যবহার করে স্পর্শকাতর তথ্য পাঠানো কঠোরভাবে নিষিদ্ধ। এবার একই পথে হাঁটতে যাচ্ছে ভারত।
ভারতের সরকারি কর্মকর্তাদের দাবি, তারা অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে অফিশিয়াল মেইল ব্যবহার করেন। তবে ব্যক্তিগত যোগাযোগে জিমেইল, ইয়াহু মেইল সার্ভিস ব্যবহার করেন।
ডিইআইটিওয়াই-এর কর্মকর্তারা আশা করছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক মেইল সেবাগুলো সরকারি কাজে নিষিদ্ধ ঘোষণা করা হলে চার থেকে পাঁচ লাখ কর্মী তাদের সুরক্ষিত যোগাযোগের জন্য এনআইসির মেইল সেবা ব্যবহার করতে পারবেন।
গবেষকেরা আরও জানান, স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে পাবলিক মেইল ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।