সরকারি চাপে বিপর্যস্ত গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল
গুগল

বিশ্বের বিভিন্ন দেশের সরকার গুগলকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য চাপ দিচ্ছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার অপরাধ তদন্তের প্রয়োজনে ব্যক্তিগত তথ্য দিতে গুগলের ওপর চাপ বাড়াচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি অর্ধবার্ষিক ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করেছে গুগল। এই প্রতিবেদনে গুগল তাদের কাছে তথ্য প্রকাশের অনুরোধ-সংক্রান্ত বিষয় তুলে ধরেছে।

গুগলের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে তথ্য চাওয়ার হার ১৫ শতাংশ বেড়েছে আর গত পাঁচ বছরের হিসাবে তা ১৫০ শতাংশের বেশি দাঁড়িয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে এ বছরের প্রথম ছয় মাসে তথ্য প্রকাশের অনুরোধ বেড়েছে ১৯ শতাংশ। আর গত পাঁচ বছরে শুধু যুক্তরাষ্ট্রেই এই হার তিনগুণ বেড়েছে বলেই দাবি করেছে গুগল।


এদিকে, বর্তমানে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে নজরদারির মুখে পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বিভিন্ন দেশের সরকার মার্কিন প্রতিষ্ঠানগুলো নজরদারিতে রাখছে। গোপনে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য সরবরাহ করছে—এমন সন্দেহের চোখে দেখা হচ্ছে বলেই প্রতিষ্ঠানগুলো মনে করছে। তাই মার্কিন সরকারের কাছে বিষয়টিতে স্বচ্ছতা আনার দাবি করেছে প্রতিষ্ঠানগুলো।

প্রসঙ্গত, এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করেছিলেন।