সরকারি তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক তৈরির উদ্যোগ
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তথ্যপ্রযুক্তি প্রসারের কোনো বিকল্প নেই। আর ই-গভর্নেন্স ব্যবস্থার বাস্তবায়ন করা গেলে প্রান্তিক জনপদের নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া আরও দ্রুততর ও সহজ হবে। এসব কারণে দেশের প্রত্যন্ত এলাকাগুলোকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে হবে। গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও দক্ষিণ কোরিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এসকে সিঅ্যান্ডসির মধ্যে ‘বাংলা গভনেট’ নামে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র এন বিশ্বাস ও এসকে সিঅ্যান্ডসির নির্বাহী পরিচালক এস ডব্লিউ ইউন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। উপস্থিত ছিলেন আইসিটিসচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়ং ও বাংলা গভনেটের প্রকল্প পরিচালক মো. ময়েন উদ্দিন খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে জানানো হয়, ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি নেটওয়ার্ক ফর বাংলাদেশ (বাংলা গভনেট) নামের নতুন এ প্রকল্পটি বাস্তবায়নে বিসিসি ও এসকে সিঅ্যান্ডসি একসঙ্গে কাজ করবে। তিন স্তরের এ প্রকল্পে কেন্দ্র হিসেবে ঢাকা ও বিভাগীয় বাকি ছয়টি শহরের বাইরে দেশের প্রতিটি জেলার একটি উপজেলায় ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতাধীন এলাকায় সরকারি কার্যালয়গুলোতে উন্নত প্রযুক্তিব্যবস্থা, টেকসই অবকাঠামো, পর্যাপ্ত নিরাপত্তা ও অপারেশন পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে বলেঅনুষ্ঠানে জানানো হয়। এটি বাস্তবায়নে সময় লাগবে চার বছর আর খরচ হবে ৪৮২ কোটি টাকা। আইসিটিমন্ত্রী বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যন্ত অঞ্চলের সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সঙ্গে সঙ্গে গ্রামীণ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।’ নজরুল ইসলাম খান বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে তৃণমূলের মৌলিক অধিকারসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবায়ন সহজ হবে।’ —জিয়াউর রহমান চৌধুরী