সরকারি প্রকল্পে দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
ডিজিটাল বাংলাদেশ পরিপূর্ণভাবে বাস্তবায়নে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। সম্প্রতি ‘ই-সরকার বাস্তবায়নে ইন্ডাস্ট্রির অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ ফোরামে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, এর আগে বেসিসের সঙ্গে যৌথভাবে কাজ করে অনেক বড় ধরনের কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে বেসিসকে সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারিভাবে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা থাকবে। অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন, বেসিসের সভাপতি শামীম আহসান, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ফারুক হোসেনসহ অনেকে। বিজ্ঞপ্তি।