সরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তি সেবা নিয়ে এক আয়োজন
সরকারি অফিস আদালতে তথ্যপ্রযুক্তি সেবার নানা দিকে নিয়ে ‘মাইক্রোসফট গভর্নমেন্ট সল্যুশনস ডে’ পালন করল মাইক্রোসফট বাংলাদেশ। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এই দিনে মাইক্রোসফট বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন খাতে সরকারের সঙ্গে তাদের নানা কার্যক্রম তুলে ধরে। এ ছাড়া বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন খাতে কাজের আগ্রহও প্রকাশ করে মাইক্রোসফট।আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘আমাদের দেশের তরুণেরা তথ্যপ্রযুক্তিতে ভালো করছে, তাদের সঙ্গে নিয়ে মাইক্রোসফট সরকারকে অনেক সহায়তা করতে পারে।’ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগাতে সরকার সব সময় আগ্রহী তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কার্যক্রম শুরু করেছি। কিছুদিনের মধ্যেই সব জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম প্রযুক্তির আওতায় আনা হবে। একই সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজেও প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।’ এসব কাজে মাইক্রোসফট সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে ভারতের ম্যাক্স অফিসের প্রধান নির্বাহী নিতীন পারঞ্জপে সরকারের বিভিন্ন কার্যক্রমে গতি আনতে সহজে ও অল্প সময়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের উপায় নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানের এক ফাঁকে আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, মাইক্রোসফট ইতিমধ্যে সরকারের সঙ্গে বেশ কিছু কাজ করছে। এ ছাড়া নতুন কিছু পরিকল্পনার কথাও জানিয়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এই পরিকল্পনাগুলো তথ্যপ্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।গভর্নমেন্ট সল্যুশনস ডে সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ প্রথম আলোকে জানান, সরকারের বিভিন্ন কার্যক্রমকে আধুনিক করতে মাইক্রোসফট সারা বিশ্বে কাজ করছে। এসব খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা প্রদান প্রভৃতি। অনুষ্ঠানে অন্যান্য দেশে মাইক্রোসফটের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।এ দেশেও একই ধরনের কার্যক্রমে মাইক্রোসফট সহায়তা করতে পারবে বলে মনে করেন ফিরোজ মাহমুদ। দিনব্যাপী এই অনুষ্ঠানে মাইক্রোসফট এশীয়-প্রশান্তমহাসাগরীয় গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির রিজিওনাল ডিরেক্টর স্যাং হেং চুয়াহ, মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক লোকাল অ্যান্ড রিজিওনাল গভর্নমেন্ট কর্মকর্তা অ্যান্ডু হজেজডিরেক্ট, মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক ন্যাশনাল গভর্নমেন্ট ডিরেক্টর কেভিন কো বক্তৃতা করেন।—মোছাব্বের হোসেন