সরকারি সেবার ২৫টি অ্যাপস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাধারণ জনগণের কাজে লাগে এমন গুরুত্বপূর্ণ ২৫টি অ্যাপস চালু হয়েছে। গত বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘জনগণের আরও কাছে’ শীর্ষক অনুষ্ঠানে এ অ্যাপসগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উন্মোচন হওয়া অ্যাপসগুলো হলো তথ্য অধিকার আইন, ড্রাইভিং লাইসেন্স, বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর, নজরুলগীতি, সঞ্চিতা, ঢাকা চিড়িয়াখানা, সরকারি সেবা, বিটিআরসি, কপিরাইট আইন, আর্কিওলজি অব বাংলাদেশ, পাবলিক লাইব্রেরি, টেক্সটাইল ক্যালকুলেটর, প্রাইজ বন্ড, ই-জয়িতা, এফডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, অফিসের ব্যায়াম, ’৭২-এর সংবিধান, নদ-নদীর তথ্য, হাসপাতাল ফাইন্ডার, মাদকদ্রব্য ও কিশোর অপরাধ, ইমিউনাইজেশন অ্যালার্ট, ইনসেক্ট কন্ট্রোল অব ক্রপ, রুফ গার্ডেনিং ও ভাসমান পদ্ধতিতে সবজি চাষ।
এ অ্যাপসগুলোর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘যে অ্যাপ্লিকেশনগুলোর উদ্বোধন হলো তা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর নিয়মিত হালনাগাদ রাখবে বলে আশা করি। বর্তমানে এসবের মাধ্যমে প্রাথমিক তথ্য পাওয়া গেলেও পরবর্তী সময়ে তার মাধ্যমে পূর্ণাঙ্গ সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, বেসিসের জ্যেষ্ঠ সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির’ পরিচালক মিনা মাসুদ উজ্জামান, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী এস এম আশ্রাফ আবির, ইএটিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খানসহ অনেকে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের নির্বাচিত সেবা নিয়ে ১০০টি মোবাইল অ্যাপ হবে, যার মধ্যে ২৫টির প্রথম সংস্করণ উদ্বোধন করা হলো। এসব অ্যাপ এখন থেকেই গুগল প্লে স্টোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।