
শিশুমৃত্যু প্রতিরোধে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। নানা কারণে আমাদের দেশে বিশেষ করে পাঁচ বছরের কম বয়সের শিশুরা বেশি মারা যাচ্ছে। একটু উদ্যোগ নিলেই প্রতিরোধ করা যায় শিশুমৃত্যু। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শিশুরোগ বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ সহিদুল্লা
প্রথম আলো: শিশুমৃত্যু প্রতিরোধের ক্ষেত্রে বাধাগুলো কী কী?
সহিদুল্লা: পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু প্রতিরোধে আন্তর্জাতিক ও দেশীয় লক্ষ্যমাত্রা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হলো নবজাতকের মৃত্যু। বর্তমানে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর মধ্যে ৬০ শতাংশই হচ্ছে নবজাতকের মৃত্যু। নবজাতকের মৃত্যুর ৯০ শতাংশই হয়ে থাকে জন্মের সময় শ্বাস নিতে না পারা (বার্থ অ্যাসফিক্সিয়া), মারাত্মক সংক্রমণ এবং সময়ের আগে (অপরিণত) স্বল্প ওজন নিয়ে জন্মানোর কারণে। এ ছাড়া জন্মগত নানা ত্রুটিও নবজাতকের মৃত্যুর অন্যতম কারণ।
প্রথম আলো: নবজাতকের মৃত্যু প্রতিরোধে করণীয় কী?
সহিদুল্লা: জন্মের পরপরই নবজাতকের শরীর একটি শুকনা কাপড় দিয়ে ভালোমতো মুছে আরেকটি শুকনা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা, মায়ের বুকে দেওয়া এবং জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো, নাভির যত্ন নেওয়া, তিন দিনের মধ্যে গোসল না দেওয়া, শ্বাস না নিলে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করলে নবজাতকের মৃত্যুহার অনেক কমানো সম্ভব।
প্রথম আলো: বার্থ অ্যাসফিক্সিয়া হলে কী করতে হবে?
সহিদুল্লা: জন্মের পরপরই নবজাতকের চিৎকার করে কান্নার ব্যাপারটি স্বাভাবিক। জন্মের পর নবজাতকের কান্না দেরি করে হলে ধরে নিতে হবে শিশুটি অক্সিজেন পাচ্ছে না। প্রসব-পরবর্তী এক মিনিটের মধ্যে শ্বাস না নিলে শিশুর মারাত্মক ক্ষতি হয়। এ সমস্যাকে বলা হয় বার্থ অ্যাসফিক্সিয়া। এ সমস্যা যাতে না হয়, তার জন্য গর্ভকালীন প্রসবপূর্ব সেবা নিশ্চিত করতে হবে। এ সেবা নেওয়ার সময় বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে যে কারণে, তা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বাড়ি বা হাসপাতাল, যেখানেই প্রসব হোক, সেটা যেন দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে হয়, তা নিশ্চিত করতে হবে। আর যদি নবজাতকের এ সমস্যা হয়েই যায়, তখন তাকে কৃত্রিম শ্বাস দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করতে হবে।
প্রথম আলো: কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার বিষয়টি একটু যদি ব্যাখ্যা করেন
সহিদুল্লা: জন্মের পর নবজাতককে শুকনা কাপড় দিয়ে শুকানো এবং মুড়িয়ে রাখার পরও যদি না কাঁদে, তখন এক মিনিটের মধ্যে কৃত্রিমভাবে শ্বাস না দেওয়া গেলে তা নবজাতকের মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে। বাংলাদেশে ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে কৃত্রিম শ্বাস প্রদানের মডেল বা হেল্পিং বেবিজ ব্রেথ (এইচবিবি) ব্যবহূত হচ্ছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এই মডেল তৈরি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করছে। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে ইউএসএআইডি ও ইউনিসেফ। এ প্রকল্প চলবে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এ প্রকল্পের আওতায় চিকিৎসক, নার্স ও স্কিলড বার্থ অ্যাটেনডেন্টসহ (এসবিএ) বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মডেলটি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের পর তাঁরা কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার জন্য ব্যাগ অ্যান্ড মাস্ক এবং পেঙ্গুইন সাকার ব্যবহার করবেন। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ পেয়েছেন।
প্রথম আলো: নবজাতকের সংক্রমণ রোগের ব্যবস্থাপনায় বাংলাদেশ কতটুকু এগিয়েছে?
সহিদুল্লা: মায়ের প্রস্রাবে সংক্রমণ (ইনফেকশন) থাকলে, গর্ভকালীন পানি ভেঙে গেলে, মায়ের প্রসবের রাস্তা বারবার পরীক্ষা করা হলে, অপরিচ্ছন্নভাবে প্রসব করানো হলে, জন্মের পর অপরিচ্ছন্ন হাতে নবজাতকের যত্ন নিলে, বুকের দুধ না খাওয়ানো হলে নবজাতকের সংক্রমণ হয়। সংক্রমণ যাতে না হয়, তার জন্য মায়ের চিকিৎসার পাশাপাশি বর্তমানে নবজাতকের নাভিতে জন্মের পরপরই একবার ৭ শতাংশ ক্লোরোহেক্সিডিন দেওয়ার কথা বলা হচ্ছে। তার পরও যদি নবজাতক সংক্রমিত হয়, তার জন্য মা ও স্বাস্থ্যকর্মীদের এ সময়ের বিপদচিহ্নগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে, যেমন জ্বর, নেতিয়ে পড়া, না খাওয়া বা খেতে না পারা, শ্বাসকষ্ট, খিঁচুনি, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, নাভি থেকে পুঁজ বের হওয়াসহ বিভিন্ন লক্ষণ দেখা দেয় এ সময়। তবে স্বাস্থ্যকর্মীদের এ সংক্রমণের সময় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সে সম্পর্কে দেশব্যাপী এইচবিবির মতো স্কেল আপ প্রোগ্রামের মাধ্যমে তেমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। কৃত্রিমভাবে শ্বাস দেওয়ানোর মতো (এইচবিবি) এ বিষয়েও প্রশিক্ষণ দেওয়া জরুরি।
প্রথম আলো: অপরিণত ও স্বল্প ওজন নিয়ে জন্ম নেওয়া নবজাতকের ব্যবস্থাপনার জন্য কী করতে হবে?
সহিদুল্লা: এ ধরনের জন্ম প্রতিরোধেও মায়ের প্রসবপূর্ব সেবা নেওয়াটা জরুরি। যদি বোঝা যায়, এ ধরনের জন্ম ঠেকানো যাবে না, তখন মাকে কোরটিকোস্টেরিয়ড ইনজেকশন দেওয়া হয়। এ ক্ষেত্রে দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করাতে হবে।
প্রথম আলো: নবজাতকের জন্মগত শারীরিক ত্রুটি মোকাবিলার কৌশল কী হবে?
সহিদুল্লা: নবজাতকের জন্মগত ত্রুটি শনাক্তের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা জরুরি। এমন কিছু জন্মগত ত্রুটি আছে, যাতে নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা নেই অথবা খুবই কম, সেসব ক্ষেত্রে আগে থেকে প্রস্তুতি নিতে হবে।
প্রথম আলো: শিশুমৃত্যু প্রতিরোধে সরকারের অঙ্গীকার পূরণে আপনি কতটা আশাবাদী?
সহিদুল্লা: নিউমোনিয়া, ডায়রিয়া, পুষ্টিহীনতা এবং অন্যান্য সংক্রমণের কারণে অসংখ্য শিশুর মৃত্যু ঘটছে। তবে সচেতনতার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ আস্তে আস্তে কমে আসছে। নবজাতকের স্বাস্থ্যের জন্য সরকার ২০০৯ সালে জাতীয় কর্মকৌশল ও নীতিমালা করেছে। ২০১১-২০১৬ সালের জন্য সরকার স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নে যে কর্মপরিকল্পনা তৈরি করেছে, তাতেও নবজাতকের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কমিউনিটি ক্লিনিকও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। দেশে পুষ্টিচিত্রের উন্নতি কিছুটা হয়েছে। মানুষের স্বাস্থ্যজ্ঞানও বেড়েছে। চিকিৎসাকেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। সে হিসাবে বলা যায়, সরকারের অঙ্গীকার পূরণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
মোহাম্মদ সহিদুল্লা
শিশুরোগ বিশেষজ্ঞ ও সহ-উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সাক্ষাৎকার নিয়েছেন: মানসুরা হোসাইন