সরকারের কাছে নাকাল ফেসবুক

বিভিন্ন দেশে ব্যবহারকারীর তথ্য জানানোর জন্য সরকারি চাপের মুখে পড়তে হচ্ছে ফেসবুককে। গত বছরের চেয়ে এ বছর ফেসবুকের ওপর সরকারি চাপ আরও বেড়েছে।
সরকারি চাপে বিপর্যস্ত গুগলফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে এ বছরের প্রথমার্ধে সরকারিভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার গত বছরের শেষার্ধের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য ৩৪ হাজার ৯৪৬ টি অনুরোধ করেছে।
একই সময়ে স্থানীয় আইনের বাধ্যবাধকতায় ফেসবুকে কনটেন্ট সরিয়ে ফেলার হারও ১৯ শতাংশ বেড়েছে।
গতকাল মঙ্গলবার এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা এ ধরনের সরকারি ওয়ারেন্টকে বাতিল করার জন্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং সরকারের ছিনিয়ে নেওয়া তথ্য ফেরত দেওয়ার জন্য জোর খাটাব।
এদিকে, সম্প্রতি গুগলও তাদের এক প্রতিবেদনে সরকারিভাবে ব্যবহারকারীর তথ্য জানানোর অনুরোধ বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছে। গুগল জানিয়েছে, এ বছরের প্রথমার্ধে ১৫ শতাংশ অনুরোধ বেড়েছে আর গত পাঁচ বছরে ১৫০ শতাংশ সরকারি অনুরোধ বেড়েছে।