সরকারের ৭০ থেকে ৮০ শতাংশ সেবা এখন ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের ৭০ থেকে ৮০ শতাংশ সেবা এখন ডিজিটাল। ডিজিটাল সেবায় বাংলাদেশ যত দূর এগিয়েছে, এটা ছয় বছর আগে চিন্তাও করা যেত না। ২০০৮ সালেও দেশে বিপিও বলতে কিছু ছিল না।’
আজ বুধবার তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়ে দুই দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।
তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়ে দুই দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। সজীব ওয়াজেদ জয় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন। আয়োজনে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড অ্যাসোসিয়েশন (বাক্য)।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমি আশা করি, আগামী কয়েক বছরে বিপিওসহ সফটওয়্যার খাত থেকে যে রপ্তানি আয় হবে, তা গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আইসিটি বিভাগের উদ্যোগে ৩০ হাজারের বেশি স্নাতক পর্যায়ের তরুণ-তরুণীকে আইসিটি খাতের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা কেবল চাকরিই করবে না, তারা বিপিও, আইসিটি ইত্যাদি খাতের উদ্যোক্তা হিসেবেও আবির্ভূত হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সচিব শ্যামসুন্দর শিকদার, বাক্যর সভাপতি আহমাদুল হক ববি, শিল্প ও বণিক সমিতির সভাপতি (এফবিসিসিআই) আবদুল মাতলুব আহমাদ, উইটসার চেয়ারম্যান সান্তিয়াগো গুতিয়ারেজ প্রমুখ।
বিপিও সম্মেলনে যোগ দিতে তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স-উইটসার সভাপতি সান্তিয়াগো গুতিয়ারেজ তিন দিনের এক সফরে গত সোমবার ঢাকায় এসেছেন। মেক্সিকান বংশোদ্ভূত গুতিয়ারেজ বলেন, ‘২০০০ সালেও বিপিও থেকে মেক্সিকোর রপ্তানি ছিল মাত্র ৫০ মিলিয়ন ডলার। এখন তা ছয় বিলিয়ন ডলার হয়েছে। মেক্সিকো যদি এটা পারে, বাংলাদেশও পারবে। এটা কোনো স্বপ্ন নয়।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘মেক্সিকো যে লক্ষ্য ১৫ বছরে অর্জন করেছে, আমরা সেই লক্ষ্য ১০ বছরের কম সময়ে অর্জন করতে পারব। আউটসোর্সিংয়ের মতো কাজে এ দেশের তরুণদের সুযোগ করে দিয়ে তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিতে চাই।’