সরাইলে কম্পিউটার শিক্ষার বেহাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষার বেহাল অবস্থা চলছে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকাই এর কারণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সরাইল উপজেলার ১৫টি উচ্চবিদ্যালয় থেকে অংশ নেওয়া এক হাজার ৪৩৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৪৪ জন কম্পিউটার শিক্ষা বিষয়টি নিয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩.০৬৮ শতাংশ।
উপজেলা সদরের প্রধান দুটি বিদ্যালয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষা বিষয়ে কোনো শিক্ষার্থী নেই। উপজেলার ১৫টি উচ্চবিদ্যালয়ের মধ্যে কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়, কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়, দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয় ও অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ল্যাব থাকলেও এসব বিদ্যালয়ে এ বিষয়ের কোনো শিক্ষক নেই। শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী থাকলেও নেই কোনো কম্পিউটার ল্যাব ও শিক্ষক। কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের ল্যাবে ছিল আটটি কম্পিউটার। সব কটি কম্পিউটার এক বছর আগে চুরি হয়ে গেছে।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাসান বলেন, ‘আমার বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা বিষয়ে শিক্ষকের কোনো পদ নেই। তাই কোনো শিক্ষার্থী এ বিষয়টি নিতে পারছে না।’
পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান বলেন, ‘আমার বিদ্যালয়ে ল্যাব ও শিক্ষক কোনোটাই নেই। তাই কোনো শিক্ষার্থী এ বিষয়টি নিতে আগ্রহী নয়।’
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘শিগগিরই উপজেলার সব কটি স্কুলে কম্পিউটার ল্যাব চালু করা হবে। পাশাপাশি শিক্ষকও নিয়োগ দেওয়া হবে।’