সরানো হল স্যামসাংয়ের নকশা বিভাগের প্রধানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির নকশা নিয়ে সমালোচনার মুখে সরে দাঁড়াতে হয়েছে এই বিভাগের প্রধানকে
গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির নকশা নিয়ে সমালোচনার মুখে সরে দাঁড়াতে হয়েছে এই বিভাগের প্রধানকে

স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এস৫-এর নকশা নিয়ে প্রযুক্তি বিশ্বে নানা সমালোচনার মুখে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির মোবাইল নকশা বিভাগের প্রধান চ্যাং ডং-হুন। তার জায়গায় আসছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অফ মোবাইল ডিজাইন লি মিন-হিউওক। গত বৃহস্পতিবার স্যামসাংয়ের একজন মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নকশা নিয়ে সমালোচনার মুখে সরে দাঁড়ালেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, নকশা বিভাগের প্রধানের পদ ছাড়লেও স্যামসাং ছাড়ছেন না ডং-হুন। প্রতিষ্ঠানটির নকশা বিভাগের পরিকল্পনার সঙ্গেই কাজ করবেন তিনি। 
বাজার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে আইফোনের চেয়ে অধিক স্যামসাংয়ের তৈরি স্মার্টফোন বিক্রি হলেও দুটি প্রতিষ্ঠানের মধ্যে পেটেন্ট নিয়ে বিভিন্ন দেশে দ্বন্দ্ব চলছে। অ্যাপলের অভিযোগ, স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের পণ্যের বেশি কিছু ফিচারে অ্যাপলের নকল করেছে।

গত মাসে বাজারে আসা গ্যালাক্সি এস৫ নিয়েও প্রযুক্তি বিশ্বে সমালোচিত হয়েছে স্যামসাং। প্রযুক্তি সমালোচকেরা এস৫ স্মার্টফোনটির হার্ডওয়্যারে খুব বেশি উদ্ভাবনী বৈশিষ্ট্য খুঁজে পাননি বলেই সমালোচনা করেন। বেশি সমালোচনা হয় স্মার্টফোনটির প্লাস্টিকের তৈরি কাঠামো নিয়ে।

চ্যাং ডং-হুন স্যামসাংয়ে যোগ দেওয়ার আগে একজন অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি শিকাগোর স্কুল অফ দ্য আর্ট ইনস্টিটিউটে লেখাপড়া করেছিলেন। আর ডংয়ের দায়িত্বে যিনি আসছেন সেই ৪২ বছর বয়সী লি ২০১০ সালে স্যামসাংয়ের সবচেয়ে কম বয়সী জ্যেষ্ঠ নির্বাহী নিযুক্ত হয়েছিলেন। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সাফল্যের পেছনে লির অবদান রয়েছে বলেই মনে করেন প্রযুক্তি বিশ্লেষকেরা।