সরাসরি পিডিএফ দেখা বন্ধ করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোমে তাদের নিজস্ব পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) অ্যাপ্লিকেশন থাকায় ওয়েবসাইটের কোন পিডিএফ ফাইলের লিংকে ক্লিক করলে সেটা ব্রাউজারেই পড়া যায়। অনেকের কাছে ব্যাপারটা সুবিধাজনক মনে হলেও কারও কারও কাছে এটা একটু ঝামেলার মনে হতে পারে। কারণ, এমন অনেকই আছেন, যাঁরা অ্যাডবি পিডিএফ রিডার বা অন্য কোনো পিডিএফ রিডার ব্যবহার করে ফাইলগুলো দেখতে পছন্দ করেন। অনলাইনে থাকা অবস্থায় ফাইলটি তখনই না পড়ে মূলত সেটি সরাসরি নিজের কম্পিউটারে নামানোর জন্যই ওয়েব লিংকে ক্লিক করেন। তখন সেটি না নেমে ব্রাউজারেই খুলে যায়। যদিও সেখান থেকে ফাইল সংরক্ষণ করার ব্যবস্থা আছে, তবুও এক ক্লিকেই যেখানে কাজটি হওয়ার কথা, সেখানে বারবার ক্লিক করাটা বিরক্তিকর। এ জন্য এই দুই ব্রাউজারে পিডিএফ ফাইল সরাসরি নামানোর ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তৃতীয় পক্ষের কোনো পিডিএফ ফাইল খোলার প্রোগ্রাম দিয়ে সেগুলো দেখা যায়।
ক্রোমে বন্ধ করা: ক্রোমে পিডিএফ রিডার বন্ধ করাটা সহজ। ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখুন chrome:plugins এবং তারপর এন্টার করুন। ক্রোমে ইনস্টল করা প্লাগ-ইনসগুলোর (নির্দিষ্ট কাজের জন্য ছোট প্রোগ্রাম) তালিকা এবং তাদের অবস্থা দেখা যাবে তখন। সেখান থেকে Chrome PDF Viewer বাছাই করে Disable-এ ক্লিক করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন যখনই আপনি পিডিএফ ফাইল আছে, এমন লিংকে ক্লিক করবেন, তখন সেটি ব্রাউজারে না দেখিয়ে স্বয়ংক্রিয়ভাবে নেমে কম্পিউটারে জমা হবে।
ফায়ারফক্সে বন্ধ করা: ফায়ারফক্সে পিডিএফ রিডার বন্ধ করার বেশ কয়েকটি অপশন আছে। ফায়ারফক্স খুলে Firefox বোতামে ক্লিক করুন। এর মেনু থেকে Options-এ ক্লিক করে Applications ট্যাব নির্বাচন করুন। এখানে Portable Document Format (PDF) অপশনটি চিহ্নিত করে ডানে থাকা মেনু থেকে পছন্দসই অপশনটি নির্ধারণ করুন। পিডিএফ ফাইল সরাসরি নামাতে চাইলে Save File অপশনটি দিয়ে OK করুন অথবা ইনস্টল করা অন্য কোনো প্রোগ্রাম দিয়ে দেখতে চাইলে মেনুর তালিকায় থাকা সেই প্রোগ্রামটি দেখিয়ে দিন। —মঈন চৌধুরী