সরিষাবাড়ীতে আটটির মধ্যে ছয়টি ইউনিয়ন তথ্যকেন্দ্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক উদ্বোধনের পাঁচ মাসের মধ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) মধ্যে ছয়টি বন্ধ হয়ে গেছে। বাকি দুটি চলছে জোড়াতালি দিয়ে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার সাতপোয়া, পিংনা, ডোয়াইল, মহাদান, কামরাবাদ ও ভাটারা ইউনিয়নের ইউআইএসসিগুলো উদ্বোধনের পর থেকেই তালাবদ্ধ রয়েছে। পোগলদীঘা এবং আওনা এই দুটি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে নামমাত্র কাজ চলছে। ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র নিয়ে গ্রামের মানুষের মধ্যে এখনো কোনো আগ্রহ তৈরি হয়নি। পোগলদীঘা ইউআইএসসির কম্পিউটার অপারেটর সোলায়মান কবির বলেন, ‘ঘরের খেয়ে বনের মোষ চড়ানো ছাড়া কিছুই হচ্ছে না। কোনো মাসেই উল্লেখ করার মতো কোনো আয় করতে পারিনি। সরকারিভাবে নিয়োগ দিলে আমাদের বেকারত্ব দূর হতো।’ পোগলদীঘার ইউপি চেয়ারম্যান মো. সামস উদ্দিন জানান, জোড়াতালি দিয়ে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র চালু রাখা হয়েছে। আওনা ইউনিয়ন তথ্য এবং সেবাকেন্দ্রের কম্পিউটার অপারেটর মো. মুহসিন জানান, তথ্যকেন্দ্রে লোকজন কম আসে, তাই এ সেবা নামমাত্র।পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ছানোয়ার হোসেন জানান, উদ্বোধনের পর থেকেই এ কেন্দ্র তালাবদ্ধ। ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাও একই রকম তথ্য দেন। কামরাবাদ ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান জানান, প্রচার না থাকায় ইউআইএসসি বন্ধ রয়েছে। মহাদান ইউপির চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’ সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে জানান, ইউনিয়ন তথ্য এবং সেবাকেন্দ্রগুলো বন্ধ রয়েছে। প্রচার বাড়ালে এগুলো সচল হতে পারে।প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশের চার হাজার ৫০১টি ইউনিয়ন পরিষদে ইউআইএসসি উদ্বোধন করেন। —শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি