বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অর্থায়নে দেশের বিভিন্ন উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলছে। গতকাল জামালপুরের সরিষাবাড়ী আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয় কম্পিউটার ল্যাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনের কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে। একই দিন পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মশালা।সরিষাবাড়ীতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল শ্রেণীকক্ষ গড়ে তোলার জন্য এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদ তুলে দেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমীন বেগ, স্থানীয় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জামালপুর জেলা স্কুলের কম্পিউটার ল্যাবের সহকারী প্রশিক্ষক আয়শা সিদ্দিকা প্রমুখ।প্রশিক্ষণপ্রাপ্ত একজন কম্পিউটার শিক্ষক নাসরিন জাহান জানান, এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে।পঞ্চগড়ের বোদা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ও কনটেন্ট উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ গতকাল বুধবার থেকে বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে শুরু হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার তৌফিক বিন বারী, এম আর সরকারি কলেজের সহকারী প্রোগ্রামার সৌমিত্র বিশ্বাস ও বোদা উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মমতাজুল আলম প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন। —সরিষাবাড়ী (জামালপুর) ও পঞ্চগড় প্রতিনিধি