সরে দাঁড়াচ্ছেন ল্যারি অ্যালিসন

সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ল্যারি অ্যালিসন। ৩৭ বছর ধরে বিশ্বখ্যাত এই সফটওয়্যার প্রতিষ্ঠানটির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ওরাকলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যালিসনের সম্পদের হিসাব ধরলে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তিনি।
ল্যারি অ্যালিসনের পরিবর্তে ওরাকলের প্রধান নির্বাহী হিসেবে আসছেন মার্ক হার্ড ও সাফরা ক্যাটজ। তাঁরা যৌথভাবে প্রধান নির্বাহী হিসেবে কাজ করবেন।
১৯৭৭ সালে বব মাইনার ও এড ওটসের সঙ্গে যৌথভাবে ওরাকল প্রতিষ্ঠা করেন ল্যারি অ্যালিসন (৭০)।
ওরাকলের বোর্ড প্রেসিডেন্ট মাইকেল বসকিন এক বিবৃতিতে বলেন, ‘ল্যারি পরিষ্কার বলে দিয়েছেন, পদ ছেড়ে দিলেও তিনি ওরাকলে পূর্ণকালীন কাজ করবেন এবং পণ্য প্রকৌশল, প্রযুক্তি উন্নয়ন ও পরিকল্পনার ক্ষেত্রে তাঁর কাজ চালিয়ে যাবেন।’
মাইকেল বসকিন বলেন, ‘সাফরা ও মার্ক ব্যতিক্রমী দুই নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজেদের যোগ্য করে তুলেছেন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও উন্নয়নের নেতৃত্ব দিতে সক্ষম। প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে জ্যেষ্ঠ নির্বাহীরাই প্রতিষ্ঠানটির শীর্ষ পদে এসেছেন বলে পরিচালনা পরিষদও রোমাঞ্চিত।’
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাটজের দায়িত্বে থাকছে ম্যানুফ্যাকচারিং, আইনগত বিষয় ও আর্থিক বিষয়গুলো পরিচালনার ভার। হার্ড দেখাশোনা করবেন বিপণন, সার্ভিস ও ব্যবসা বিভাগ। সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রকৌশলীদের দলটির ভার এখনো অ্যালিসনের কাছেই থাকছে।
অ্যালিসন বলেন, ‘আমরা তিনজন কয়েক বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
একনজরে ল্যারি অ্যালিসন
জন্ম: ১৭ আগস্ট, ১৯৪৪, যুক্তরাষ্ট্র
পড়াশোনা: ইলিনয় ও শিকাগো বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠান: ওরাকল
পরিচিতি: ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা
বেতন: ৭৭ মিলিয়ন ডলার (২০১৩)
মোট সম্পদ: ৪৯.৭ বিলিয়ন (আগস্ট ২০১৪)
আরও পড়ুন: