সর্বকালের সেরা উদ্ভাবকের তালিকায় জবস,জাকারবার্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ লেমেলসন-এমআইটি ইনোভেশন ইনডেক্সে সেরা উদ্ভাবক হিসেবে নাম উঠেছে এ সময়ের খ্যাতিমান প্রযুক্তিবিদ অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। সর্বকালের সেরা উদ্ভাবক হিসেবে টমাস আলভা এডিসনের পরেই স্থান হয়েছে স্টিভ জবসের।যুক্তরাষ্ট্রের ১৬ থেকে ২৫ বছর বয়সী এক হাজার ১০ জনের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। সেরা উদ্ভাবক হিসেবে ভোটের ৫২ শতাংশ গেছে টমাস আলভা এডিসনের পক্ষে। জবস পেয়েছেন ২৪ শতাংশ ভোট। আর জাকারবার্গের পক্ষে গেছে ৩ শতাংশ ভোট।ম্যাশএবলের প্রযুক্তিবিদেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের তরুণদের কাছে জবস এবং জাকারবার্গের উদ্ভাবিত প্রযুক্তি জীবনে দারুণ প্রভাব ফেলেছে বলে তাঁরা মনে করেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৪০ শতাংশ মনে করেন, ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোন ছাড়া তাঁদের জীবন অচল।লেমেলসন-এমআইটি তালিকায় সেসব উদ্ভাবকেরাই স্থান পান যাঁরা তাঁদের স্বপ্ন আর ধারণাকে বাস্তবে সফল রূপ দিতে পেরেছেন। সাধারণত তরুণ প্রজন্মের মধ্যে জরিপ চালিয়েই এ তালিকা তৈরি করা হয়। জরিপ চালানো হয় লেমেলসন-এমআইটি প্রোগ্রামের আওতায়। আর প্রোগ্রামটি পরিচালনা করে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। উল্লেখ্য, ১৯৯৪ সালে লেমেলসন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিখ্যাত উদ্ভাবক জেরোম লেমেলসন (১৯২৩-১৯৯৭)।