সর্বোচ্চসংখ্যক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় বেসিস নির্বাচন আজ
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চসংখ্যক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় আজ শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন হতে যাচ্ছে। দেশের কম্পিউটার সফটওয়্যার ব্যবসা খাতের এ সংগঠনের ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ৯টি পদে এবার লড়ছেন ২২ জন প্রার্থী। মূলত ডিজিটাল ব্রিগেড এবং দ্য চেঞ্জ মেকার্স নামের দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। অন্য যেকোনোবারের চেয়ে এবারের নির্বাচন নিয়ে আলোচনা বেশি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রার্থীদের প্রচারণা, মেনিফেস্টো তুলে ধরা, পক্ষে-বিপক্ষে মতামত ইত্যাদি ছিল চোখে পড়ার মতো। বেসিসের গঠনতন্ত্র সংশোধনের পর এবারই প্রথম তিন বছর মেয়াদি কমিটির জন্য নির্বাচন হচ্ছে।
বেসিসের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান খন্দকার আতিক-ই-রব্বানি বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের পরই তা গণনা করা হবে এবং আজই ফলাফল প্রকাশ করা হবে। বেসিসের নির্বাচনে এবারও কাগজের ব্যালট পেপারে টিক বা কাটা চিহ্ন দিয়ে ভোট দেওয়া যাবে। তবে এবার ভোট গণনা করা হবে ওসিএস (অপটিক্যাল কাউন্টিং সিস্টেম) প্রযুক্তিতে। এই প্রযুক্তির সফটওয়্যার বানিয়েছে অন্যরকম সফটওয়্যার।
প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলই সদস্যদের স্বার্থ সংরক্ষণ, বেসিসের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে। ডিজিটাল ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার। অপরদিকে দ্য চেঞ্জ মেকার্সের নেতৃত্বে আছেন মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের সোনিয়া বশির কবির। মোস্তাফা জব্বার জানান, তাঁর প্যানেলের মূল লক্ষ্য হলো দেশীয় সফটওয়্যারের পক্ষে কাজ করে যাওয়া। দ্য চেঞ্জ মেকার্স প্যানেল বেসিসের সব সদস্যকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে নির্বাচনী ইশতেহারে।
ডিজিটাল ব্রিগেডের অন্য প্রার্থীরা হলেন রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন, এ কে এম আহমেদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সহযোগী সদস্য উত্তম কুমার পাল৷ দ্য চেঞ্জ মেকার্সের অন্য প্রার্থীরা হলেন মোস্তফা রফিকুল ইসলাম, সৈয়দ আলমাস কবির, সুফি ফারুক ইবনে আবু বকর, আজমল হক, নাজমুল করিম চৌধুরী, সাব্বির রহমান, মো. সাইদুল ইসলাম মজুমদার ও সহযোগী সদস্য জামান খান৷ দুই প্যানেলের ১৮ প্রার্থীর বাইরে চারজন স্বতন্ত্র প্রার্থী হলেন মো. এনামুল হক, রাশাদ কবির, খন্দকার আবদুল হাফিজ ও আবদুল মতিন ভূঁইয়া।
বেসিসের এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৫১৬। এর মধ্যে সাধারণ সদস্য ৩৬৮ ও সহযোগী সদস্য ১৪৮ জন। বেসিসের মোট সদস্যসংখ্যা প্রায় এক হাজার ১০০।