সহজ শর্তে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কবি বলেছিলেন, ‘ফুলের গন্ধে ঘুম আসে না...’, কিন্তু একটু শীত শীত পড়ার পরও সিলিং ফ্যানের শব্দ ছাড়া ঘুম আসে না বুলবুল সাহেবের। আর রাতে ঘুম না এলে নানা রকম চিন্তা তাঁর মাথায় ইনস্টল হয়। এই কদিন একটা চিন্তাই মাথায় খেলা করছে তাঁর—ব্যাংকে নাকি অলস টাকা পড়ে আছে! প্রথম রাতে ভেবে পাচ্ছিলেন না, টাকা কি খুব পরিশ্রমী যে হঠাৎ অলস হয়ে পড়ল? নাকি ক্লান্তি বা বার্ধক্যে পেয়েছে? তা যা-ই হোক, বুলবুল সাহেব ঠিক করলেন, ব্যাংক থেকে কেউ যখন ঋণ নিচ্ছে না, এই সুযোগে তিনি সহজ শর্তে ঋণ পাবেন এবং তা নিয়ে চাকরির পাশাপাশি একটা ব্যবসাও শুরু করবেন।
যেই ভাবা সেই কাজ। সহজ শর্তে ঋণ নেওয়ার জন্য বুলবুল সাহেব একটা ব্যাংকে গেলেন। ব্যাংকে ঢোকামাত্র এক নারী কর্মী প্রায় উড়ে এসে জিজ্ঞেস করলেন, ‘আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, স্যার?’ এমন মধুর কণ্ঠে কেউ কখনো বুলবুল সাহেবকে ‘স্যার’ ডাকেনি। তিনি বসে যাওয়া গলায় বললেন, ‘আমি ব্যাংকঋণ নিয়ে কথা বলতে চাইছিলাম।’ কথাটা শেষ হওয়ামাত্র পাশ থেকে আরেক নারী কর্মী জেট প্লেনের গতিতে উড়ে এসে বললেন, ‘শায়লা, শোন, এ মাসে আমার এখনো অনেক টার্গেট বাকি! প্লিজ, স্যারের সঙ্গে আমি ডিল করি!’
প্রথম নারী কর্মী প্রস্তাবটা কানে না তুলে বুলবুল সাহেবকে টেনে একদিকে নিয়ে গেলেন। বুলবুল সাহেব বুঝে উঠতে পারলেন না, তিনি কীভাবে এমন তরুণীদের টার্গেটে পরিণত হলেন! নারী কর্মী এবার বুলবুল সাহেবকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি ঋণ নিতে চান?’
বুলবুল সাহেব ‘হ্যাঁ’-সূচক মাথা নাড়লেন।
: খুব ভালো কথা। আমরা খুব সহজ শর্তে এখন ঋণ দিচ্ছি। আর আপনি যদি আউলা মোবাইল কোম্পানির ডায়মন্ড গ্রাহক হন, তাহলে পাবেন আরও বিশেষ ছাড়! আচ্ছা, আপনি কি চাকরি করেন?
বুলবুল সাহেব এবারও ‘হ্যাঁ’-সূচক মাথা নাড়লেন।
: স্যার, আপনার বেতন কত?
বুলবুল সাহেব রীতিমতো ধাক্কা খেলেন! কত বড় বেয়াদব! হুট করেই এমন একটা অশোভন প্রশ্ন করে বসল! একালের ছেলেমেয়েদের একদম আদবকায়দা নেই! তাই খানিকটা রাগ প্রকাশ করেই বললেন, ‘কেন, এটা জানার কী দরকার?’
নারী কর্মী বিনীতভাবে বললেন, ‘স্যার, এটা আমাকে অবশ্যই জানতে হবে।’
বুলবুল সাহেব প্রকৃত বেতন থেকে বেশ বাড়িয়ে বললেন। নারী কর্মী সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরে কিছু একটা গুঁতোগুঁতি করে জিজ্ঞেস করলেন, ‘স্যার, আপনার কি টিন আছে?’
বুলবুল সাহেব বিরক্ত মুখে বললেন, ‘না, আমার টিনফিন নেই।’
নারী কর্মী আগের মতোই হাসিমুখে বললেন, ‘কোনো সমস্যা নেই, স্যার। এবার বলুন, টাকা দিয়ে আপনি কী করবেন?’
: ব্যবসা করব।
: কী ব্যবসা?
বুলবুল সাহেবের বিরক্তিভাব চূড়ান্ত পর্যায়ে উঠেছে। মনে মনে বললেন, ‘আমি টাকা নিয়ে ঝালমুড়ি কিনে খাই, না কী করি, সেটা তোমার জানার কী দরকার! তুমি কিস্তি ফেরত পেলেই তো হলো!’ নারী কর্মী উত্তর না পাওয়া পর্যন্ত আর প্রশ্ন করছেন না। বিশেষ চশমা পরে থ্রিডি সিনেমা দেখার মতো বড় বড় চোখে তাকিয়ে আছেন। বিরক্তিভাব লুকিয়ে রেখে বুলবুল সাহেব ছোট করে জবাব দিলেন, ‘ভাবছি একটা তেহারির দোকান দেব!’
নারী কর্মীটি যেন চোখের সামনে এক প্লেট তেহারি দেখতে পেলেন, বললেন, ‘খুব ভালো, স্যার! তাহলে আপনি একটা দোকান ঠিক করে তেহারি বিক্রি শুরু করে দিন, তারপর আমরা ঋণ পাস করব।’
বুলবুল সাহেবের গলা শুকিয়ে গেল, ‘শুরু করার জন্য টাকা লাগবে দেখেই তো এখানে ঋণ নিতে এলাম!’
নারী কর্মী আগের মতোই হাসিমুখে বললেন, ‘আপনার দোকান আমাদের কাছে জামানত রেখে তারপর টাকা নিতে হবে, স্যার! খুব সহজ।’
বুলবুল সাহেব এবার সত্যিই রেগে গেলেন এবং মনে মনে ‘পিঁপড়ায় খাবে ব্যাংকের সব ধন’-টাইপের অভিশাপ দিয়ে উঠে দাঁড়ালেন। আধাআধি উঠেছেন এমন সময় আবার বসে নারী কর্মীকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, অলস পড়ে থাকতে থাকতে আর কত বছর পর টাকাগুলো কেজি দরে বিক্রি হবে, বলতে পারেন?’
নারী কর্মী অবাক, ‘এমন প্রশ্ন কেন, স্যার?’
বুলবুল সাহেব মুচকি হেসে বললেন, ‘তখন নাহয় তেহারির দোকানটা দেব!’